ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
দুই মহিলাকর্মীর সঙ্গে গয়নার দোকানে কাজকর্ম সামলাচ্ছিলেন মালিক। হঠাৎ বাইকে চেপে চার জন ডাকাত গয়নার দোকানে ঢুকে পড়ে। কেউ টুপি-মাস্ক পরে মুখ ঢেকে রেখেছিল। কেউ আবার হেলমেট পরে ছিল। দোকানে ঢুকে গয়নার কয়েকটি বাক্স হাতিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল দুষ্কৃতীরা। ভয়ে এক মহিলাকর্মী আড়ালে লুকিয়ে পড়েন। কিন্তু রুখে দাঁড়ালেন মালিক এবং অন্য এক মহিলাকর্মী। বাধা দিলে তাঁদের সঙ্গে হাতাহাতি শুরু হয় ডাকাতদের। বন্দুক তাক করে ভয় দেখানোর চেষ্টা করে ডাকাতেরা। তবুও ভয় পাননি দোকানের মালিক এবং কর্মী।
দু’জনেই ডাকাতদের তাড়ানোর জন্য লড়াই চালিয়ে যান। পরে হাতের নাগালে থাকা কয়েকটি বাক্স নিয়ে দোকান থেকে পালিয়ে যায় ডাকাতেরা। মহিলাকর্মী এবং মালিক দু’জনেই তাদের পিছনে দৌড়োন। কিন্তু তত ক্ষণে বাইকে চেপে পালিয়ে যায় ডাকাতেরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ফোয়েজ.মিডিয়া’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, গয়নার দোকানের মালিক এবং এক মহিলাকর্মীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছে কয়েক জন ডাকাত। বন্দুক বার করে তাঁদের ভয়ও দেখাচ্ছে ডাকাতেরা। তার পর গয়নার কয়েকটি বাক্স চুরি করে সেখান থেকে পালিয়ে যায় তারা। দোকানের মালিক এবং মহিলাকর্মী তাদের পিছনে দৌড়েও ধরতে পারেননি। দোকানের ভিতর আরও এক মহিলাকর্মী ছিলেন।
ভয় পেয়ে আড়ালে লুকিয়ে পড়েছিলেন তিনি। দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় সম্পূর্ণ ঘটনাটি ধরা পড়ে। সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি শুক্রবার রাতে মহারাষ্ট্রের নাসিকের হিরাওয়াড়ি এলাকায় একটি গয়নার দোকানে ঘটেছে। গয়না চুরি হওয়ার পর সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন দোকানের মালিক। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তারা তদন্ত শুরু করেছে। হাতাহাতির সময় বন্দুকের বাট দিয়ে মহিলাকর্মীর মাথায় আঘাত করা হয়। মহিলাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে।