ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
এক ‘সুন্দরী’র সঙ্গে অনলাইন মাধ্যমে সরাসরি ভিডিয়োয় কথা বলছিলেন এক তরুণ। ছিপছিপে তন্বীর রূপ এবং মিষ্টভাষণে গলে গিয়েছিল তাঁর মন। কথা এগোনোর জন্য লাইভের ও পারে থাকা তরুণী টাকা চাইতেই বিনা সঙ্কোচে হাজার হাজার টাকা বখশিশ দিয়ে দিলেন তরুণ। অনলাইনে তরুণীর কাছে টাকা ঢুকতেই লাইভ থেকে ‘বিউটি ফিল্টার’ গেল সরে। সুন্দরীর আড়ালে এ যে বয়স্কা মহিলা! তা দেখে চিৎকার করতেই মহিলা মিহি স্বরে বললেন, ‘‘এ বাবা! ফিল্টার সরে গিয়েছে দেখছি!’’ এই ভিডিয়োটি সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘মাস্টশেয়ারনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী নেটপ্রভাবীর সঙ্গে লাইভ ভিডিয়োয় সরাসরি কথা বলছেন এক তরুণ। তরুণীর রূপে মোহিত হয়ে গিয়েছেন তিনি। তরুণ তাঁকে প্রশ্ন করলেন, তরুণীর অর্থের প্রয়োজন রয়েছে কি না। তরুণী সম্মতি জানাতে বিন্দুমাত্র দেরি না করে অনলাইনে ১ হাজার ইউয়ান (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১৪ হাজার ৯১ টাকা) পাঠিয়ে দিলেন।
টাকা পাঠানোর
সঙ্গে সঙ্গে প্রযুক্তিগত কোনও ত্রুটির কারণে তরুণীর মুখের সামনে থেকে বিউটি ফিল্টার
সরে যায়। তন্বীর আসল রূপ দেখে চমকে যান তরুণ। ফোনের ও পার থেকে তরুণ
চিৎকার করে ওঠেন। তরুণীর পরিবর্তে এ যে বয়স্কা এক মহিলা! পরিস্থিতি সামাল দিতে প্রযুক্তিগত
ত্রুটির জন্য মহিলা মিষ্টি সুরে দুঃখপ্রকাশ করেন তরুণের কাছে। প্রতারণার শিকার হয়ে রাগে সেই মহিলার কাছে টাকা ফেরত চান
তরুণ। এই ভিডিয়োটি ছড়িয়ে পড়ার কয়েক মুহূর্তের মধ্যেই ১ লক্ষ ৪০ হাজার পুরুষ অনুগামী
খুইয়ে ফেলেছেন সেই নেটপ্রভাবী।