ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
রিকশায় একা বসেছিলেন এক তরুণী। হঠাৎ মাঝরাস্তায় সেই রিকশা আটকে তরুণীর সঙ্গে ঝগড়া করতে শুরু করেন তাঁর প্রেমিক। কয়েক মিনিটের মধ্যেই সেই ঝগড়া হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। রিকশায় বসেই প্রেমিকের গালে জুতো দিয়ে মারতে শুরু করেন তরুণী। প্রেমিকার হাত থেকে জুতো ছিনিয়ে নিয়ে তাঁকেই পাল্টা মারধর করতে শুরু করেন সেই তরুণ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘খবরওয়ালাঅফিসিয়াল_’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রিকশায় এক তরুণী বসে রয়েছেন এবং রিকশা আটকে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন তাঁর প্রেমিক। মাঝরাস্তায় দু’জনের মধ্যে বেঁধেছে তুমুল ঝগড়া। রিকশায় বসে জুতো খুলে প্রেমিকের গালে মারতে শুরু করলেন তরুণী। মাঝরাস্তায় সকলের সামনে মার খেয়ে মাথা যেন আগুন হয়ে গেল তরুণের। প্রেমিকার হাত থেকে জুতো ছিনিয়ে নিয়ে তিনি পাল্টা জুতোপেটা করতে শুরু করেন। তরুণী রিকশায় বসে থেকে তাঁর প্রেমিককে কখনও চড় মারছেন, কখনও আবার লাথি মারছেন।
দু’জনের মধ্যে হাতাহাতি যখন চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন অশান্তি থামাতে এগিয়ে যান কয়েক জন পথচারী। তার পর মারপিট থামিয়ে প্রেমিকার সঙ্গে শান্ত ভাবে কথা বলতে শুরু করেন তরুণ। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে সমালোচনার বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক নেটাগরিক এই প্রসঙ্গে লিখেছেন, ‘‘মাঝরাস্তায় এগুলো কী ধরনের অসভ্যতা! সম্পর্কে তিক্ততা কোন পর্যায়ে পৌঁছেছে যে, রাস্তায় মারপিট করছেন!’’ আবার এক জন মজা করে লিখেছেন, ‘‘রিকশাচালক বেচারা মুশকিলে পড়ে গিয়েছেন। মনে মনে হয়তো ভাবছেন, ভাড়া মিটিয়ে তরুণী তাঁর রিকশা থেকে নেমে যাক।’’