ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
মার্কশিট হাতে পেয়ে খানিকটা মুষড়ে পড়েছিল কিশোর। কিন্তু পরিবারকে সেই সময়ে পাশে পেয়ে মন আনন্দে ভরে উঠল তার। পরীক্ষায় মাত্র ৫৫ শতাংশ নম্বর পেয়েছে সে। অনেকের কাছেই এই নম্বর আশানুরূপ নয়। কিন্তু কিশোরের পুরো পরিবার তার এই সাফল্যকেই কেক কেটে উদ্যাপন করল। কেকের উপর মার্কশিট ছাপিয়ে তা কাটা হল। কিশোর কেক কাটতেই সকলে হইহই করে উঠলেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘রুকসারপটেল১৯’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি কেকের উপর কোনও মার্কশিট ছাপা রয়েছে। এক কিশোর সেই কেকটি কেটে পরিবারের সকলকে খাইয়ে দিচ্ছে। এই ঘটনাটি মুম্বইয়ের। জানা গিয়েছে, সম্প্রতি সেই কিশোরের পরীক্ষার মার্কশিট বেরিয়েছে। ইংরেজিতে ৫৭, মরাঠিতে ৪৪, হিন্দিতে ৫৬, গণিতে ৫৯ এবং সমাজবিজ্ঞানে ৪৪ পেয়েছে সে। ৫০০ নম্বরের পরীক্ষায় সব মিলিয়ে ২৭৬ পেয়ে ৫৫.২ শতাংশ পেয়েছে কিশোর।
পুরো পরিবারকে বাড়ির ছেলের এই সাফল্যকে উদ্যাপন করতে দেখে নেটপাড়ার অনেকেই প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন। কিশোরের উদ্দেশে এক নেটাগরিক লিখেছেন, ‘‘আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছিলাম। তবুও বাবা-মাকে এত খুশি হতে দেখিনি। তুমি অনেক ভাগ্যবান যে, এমন পরিবার পেয়েছ। ভবিষ্যৎ আরও সুন্দর হোক তোমার।’’
ভিডিয়ো প্রসঙ্গে সেই কিশোরের মা মন্তব্য করেছেন, ‘‘আমার কাছে আমার ছেলের খুশিই সবচেয়ে আগে। ও যদি ৯৫ শতাংশ বা ৮৫ শতাংশ নম্বর পেত, একই রকম খুশি হতাম। পরীক্ষায় নম্বর কম পেলে অনেকের বাবা-মা খুব খারাপ ব্যবহার করেন। কড়া ভাষা প্রয়োগও করেন অনেকে। আমি চাই না, আমার ছেলের মনে অমন কোনও কারণে আঘাত জমা হোক।’’