ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
সকালের ব্যস্ত রাস্তা। ছুটে চলেছে গাড়ি। সেই রাস্তার মাঝে দাঁড়িয়ে রয়েছেন এক ডেলিভারিকর্মী। কর্মীর পরনে রয়েছে সেই সংস্থারই দেওয়া জামা। ব্যাগও রয়েছে সঙ্গে। কিন্তু ব্যাগে খাবার নেই। বদলে সেখান থেকে বেরিয়ে এল এক ভয়ঙ্কর সরীসৃপ। রাস্তায় লাফিয়ে পড়ে তড়তড় করে এগোতে লাগল সেটি। ডেলিভারিকর্মী সেটিকে ধরার জন্য ছুটে গেলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তায় এঁকেবেঁকে এগিয়ে চলেছে একটি সাপ। তাঁর পিছু নিয়েছেন এক ডেলিভারিকর্মী। সেটির লেজ ধরার প্রবল চেষ্টা করে চলেছেন তিনি। কিন্তু সাপটি ধরা দিতে নারাজ। ভিডিয়োর ক্যাপশন অনুসারে, সাপটি সেই ডেলিভারিকর্মীর কাছে থাকা ব্যাগ থেকে বেরিয়েছে। মুক্তির স্বাদ পেয়ে ভয়াল সরীসৃপ আর বদ্ধ জীবনে ফিরে যেতে চাইছে না। কিন্তু তরুণও ছাড়ার পাত্র নন। তিনি সাপটির লেজ খপ করে ধরে ফেললেন। তার পর সেটিকে পুনরায় ব্যাগের ভিতর ভরে নিলেন। যেন কোনও ব্যাপারই না। ডেলিভারিকর্মীর কীর্তি দেখে হা হয়ে গেলেন পথচারীরা। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
‘সচিন.গুপ্ত০০৫১’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে ১৫ হাজারেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘আপনাদের ডেলিভারি অ্যাপে একটা সাপ কত করে বিক্রি হচ্ছে?’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন ‘‘সাপটিকে আমার প্রাক্তনের বাড়ি ডেলিভারি করে আসুন।’’