ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
কিছু ক্ষণ পর শুরু হবে আলোর খেলা। তা দেখার জন্যই জলাশয়ের ধারে ভিড় জমিয়ে ফেললেন পর্যটকেরা। পর পর ৯০টিরও বেশি ড্রোন উড়ে গেল আকাশে। নানা রকম নকশা করে শুরু হল আলোর খেলা। কিন্তু সেই ‘লাইট শো’ দেখতে এসে বিপাকে পড়লেন সকলে। হঠাৎ কয়েকটি ড্রোন তারার মতো খসে জলাশয়ে পড়তে শুরু করল। ভয় পেয়ে পর্যটকেরা সেখান থেকে সরে পড়লেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘মাস্টশেয়ারনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, আকাশে অসংখ্য ড্রোন উড়ে আলোর খেলা দেখাচ্ছে। সেই ‘লাইট শো’ দেখতে ভিড় জমিয়েছিলেন অনেকে। কিন্তু অনুষ্ঠান শুরুর কিছু ক্ষণ পর কয়েকটি ড্রোন তারার মতো খসে নীচে পড়ে যায়। সম্প্রতি এই ঘটনাটি অস্ট্রেলিয়ার সিডনি হারবারে ঘটেছে। অনুষ্ঠান আয়োজকদের তরফে জানা গিয়েছে, আকাশে ড্রোনগুলি ওড়ার পর যান্ত্রিক এবং প্রযুক্তিগত কিছু ত্রুটি দেখা গিয়েছিল। সে কারণে ড্রোনগুলি নীচে পড়তে থাকে। বিপদ বুঝে সঙ্গে সঙ্গে মাঝপথে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। ড্রোনগুলি নীচে নামিয়ে পরীক্ষাও করা হয়েছে।