ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
রাতে বাড়ি থেকে বেরিয়ে সামনের রাস্তায় ঘোরাঘুরি করছিলেন এক তরুণী। তাঁকে দেখে একটি কুকুরছানা আদর খেতে দৌড়ে যায়। কিন্তু কুকুরছানাটি কাছে আসতে দেখে বিরক্ত হয়ে যান তরুণী। প্রথমে লাথি মেরে দূরে সরালেও পরে কুকুরছানার ঘাড় ধরে তাকে দূরে ছুড়ে ফেলে দেন তিনি। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ফার্স্টপোস্ট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী রাস্তা থেকে একটি কুকুরছানাকে লাথি মেরে সরিয়ে দিচ্ছেন। কিছু ক্ষণ পর কুকুরছানার ঘাড় ধরে তাকে দূরে ছুড়ে ফেলে দেন তিনি। পুলিশ সূত্রে খবর, এই ঘটনাটি সম্প্রতি ফ্লোরিডায় ঘটেছে। ৩৩ বছর বয়সি তরুণীর নাম ইমানিয়া ডেভিস। কুকুরছানাটির পা ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয় এক পশু চিকিৎসক তার চিকিৎসা চালাচ্ছেন। পুলিশ জানিয়েছে, তরুণীকে গ্রেফতার করে ৭৫ হাজার ডলার (ভারতীয় মুদ্রা অনুযায়ী যার পরিমাণ ৭০ লক্ষ ৮৭ হাজার ২৮৩ টাকা) জরিমানা ধার্য করা হয়েছে। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে তরুণীর বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এ তো অমানবিক আচরণ! আরও কড়া শাস্তি হওয়া প্রয়োজন ছিল তরুণীর। বেচারা কুকুরছানাটি শুধুমাত্র আদর খেতেই তো গিয়েছিল!’’