ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
রাস্তা থেকে বয়ে চলেছে ‘আগুনের’ স্রোত। দেখে মনে হচ্ছে কেউ যেন জলে আগুন ধরিয়ে দিয়েছেন। কিন্তু সেই স্রোত জলের নয়, ফুটন্ত লাভার। রবিবার জ্বলে উঠেছে হাওয়াই দ্বীপের কিলাউইয়া আগ্নেয়গিরি। হাওয়াই ভলক্যানোস ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত কিলাউইয়া থেকে লাভা নির্গত হয়ে আশপাশের খালি জায়গা জুড়ে লাভার স্রোত বয়ে চলার ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুয়ায়ী, এই নিয়ে কিলাউইয়া আগ্নেয়গিরি থেকে ৪৯ বার অগ্নুৎপাত হল। স্থানীয় সময় অনুযায়ী, রবিবার সকাল ৯টা ৩৬ মিনিটে কিলাউইয়া থেকে অগ্নুৎপাত হওয়া শুরু হয়। সেখান থেকে নির্গত হওয়া লাভার ফোয়ারা প্রায় ৭০০ মিটার উচ্চতা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কালো ধোঁয়ায় ভরে গিয়েছিল আশপাশের অঞ্চল। প্রায় সাড়ে সাত ঘণ্টা ঘরে অগ্নুৎপাত হয়। তবে হাওয়াই ভলক্যানো ন্যাশনাল পার্কের বাইরে লাভা বেরোয়নি বলে জানতে পারা গিয়েছে। বর্তমানে সেই পার্ক স্থানীয়দের জন্য বন্ধ রাখা হয়েছে।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জ্বালামুখ থেকে অনবরত বেরিয়ে চলেছে আগুনের স্রোত। সেখান থেকে আশপাশে ছিটিয়ে পড়ছে আগুনের ফুলকি। ধীরে ধীরে আগ্নেয়স্রোতের তীব্রতা বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে ব্যাপ্তিও। তার পর সেখান থেকে নদীর মতো বেরিয়ে এল লাভা। গতিপথ বানিয়ে এগোতে লাগল নিজের ছন্দে। কালো ছাইয়ে ঢাকা বিস্তৃর্ণ অঞ্চলের উপর বয়ে চলল আগুন রঙের লাভার স্রোত। চারপাশ ঢেকে গেল ছাই রঙের ধোঁয়ায়। প্রকৃতির ভয়ঙ্কর কিন্তু সুন্দর রূপের সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
‘ফক্স ওয়েদার’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। নেটাগরিকেরা প্রকৃতির এই রূপ চাক্ষুষ করে নিজেদের ধন্য মনে করেছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘অনবদ্য।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘জ্বালামুখ থেকে লাভা বেরিয়ে আসার মুহূর্তটা দেখে মনে হল যেন প্রকৃতি শ্বাস নিচ্ছে।’’