ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
সন্ধ্যাবেলা দূরপাল্লার ট্রেনে উঠে পড়েছিলেন এক ব্যক্তি। কিন্তু আসনে না বসে তিনি চাদর পেতে ট্রেনের মেঝেতে শুয়ে পড়লেন। মশার কামড় থেকে বাঁচতে খাটিয়ে দিলেন মশারি। ট্রেনটি একটি প্ল্যাটফর্মে দাঁড়াতেই কামরার দরজার ফাঁক দিয়ে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করলেন এক প্রত্যক্ষদর্শী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ফুফাজি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ ট্রেনের কামরার দরজার সামনে চাদর পেতে মেঝেতে শুয়ে পড়েছেন। মশার কামড় থেকে বাঁচতে সেখানে মশারিও খাটিয়ে ফেলেছেন তিনি। সম্প্রতি এই ঘটনাটি বিহারের দারভাঙ্গা স্টেশনে ঘটেছে।
দারভাঙ্গা থেকে একটি ডিজেল ইঞ্জিনচালিত ট্রেনে উঠেছিলেন সেই যাত্রী। ফোর্বসগঞ্জের উদ্দেশে রওনা দিচ্ছিল ট্রেনটি। দূরপাল্লার ট্রেনে উঠে নিশ্চিন্তে ঘুমানোর জন্য ট্রেনের মেঝেতে মশারি খাটিয়ে ঘুমিয়ে পড়লেন তিনি। সমাজমাধ্যমের পাতায় ভিডিয়োটি ছড়িয়ে পড়তে হাসাহাসি শুরু হয়ে যায়। এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘ট্রেনের মেঝেটিকে বাড়ির বিছানা ভেবে ঘুমের সমুদ্রে ডুবে গিয়েছেন!’’ আবার এক জনের কথায়, ‘‘নিজে আসন সংরক্ষণ করে টিকিট কাটলেন। অথচ সেই আসনই ব্যবহার করছেন না!’’