Viral Video

রেলসফরে প্রসবযন্ত্রণা! সাহায্যে এলেন জওয়ানেরা, ট্রেনেই সন্তানের জন্ম দিলেন তরুণী, ভাইরাল ভিডিয়োয় প্রশংসার ছড়াছড়ি

রেল কর্মকর্তারা জানিয়েছেন, প্রসবকালে রেলকর্মীরা তাৎক্ষণিক সহায়তা প্রদান করেন এবং পরবর্তী স্টেশনে পৌঁছোতেই মা ও নবজাতক উভয়কে স্ট্রেচারে শুইয়ে নিরাপদে কামরা থেকে নামানো হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৫:৫৮
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

স্বামীর সঙ্গে ট্রেনে সফর করছিলেন এক অন্তঃসত্ত্বা তরুণী। সফরের মাঝেই হঠাৎ প্রসবযন্ত্রণা ওঠে তাঁর। পরিস্থিতি সম্পর্কে অবহিত হওয়া মাত্রই রেল কর্তৃপক্ষ তৎপর হয়ে ওঠে। আরপিএফ জওয়ানেরা চিকিৎসককে সঙ্গে নিয়ে কামরার দিকে ছুটে যান। ট্রেনের ভিতরেই সন্তানের জন্ম দেন তরুণী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘নেশনম্যাটার্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, আরপিএফ জওয়ানদের সহায়তায় এক তরুণী এবং তাঁর সদ্যোজাত সন্তানকে স্ট্রেচারে রেলকামরা থেকে নামানো হচ্ছে। এই ঘটনাটি ১১৪০১ পুনে-সুপাউল এক্সপ্রেসের এক কামরায় ঘটেছে। ২৮ বছর বয়সি তরুণীর নাম রুকসানা খাতুন। উত্তরপ্রদেশের বাসিন্দা তিনি।

সংবাদমাধ্যম সূত্রে খবর, রুকসানা এবং তাঁর স্বামী জামিল বেলাওয়ার পুণে থেকে ট্রেনে উঠেছিলেন। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে নামার কথা ছিল তাঁদের। অন্তঃসত্ত্বা ছিলেন রুকসানা। ট্রেনসফরের মাঝেই প্রসবযন্ত্রণা শুরু হয় তাঁর। খবর পেতেই আরপিএফের জওয়ানেরা দ্রুত পদক্ষেপ করেন। ট্রেনের মধ্যেই সন্তানের জন্ম দেন রুকসানা।

Advertisement

রেল কর্মকর্তারা জানিয়েছেন, প্রসবকালে রেলকর্মীরা তাৎক্ষণিক সহায়তা প্রদান করেন এবং পরবর্তী স্টেশনে পৌঁছোতেই মা ও নবজাতক উভয়কে স্ট্রেচারে শুইয়ে নিরাপদে কামরা থেকে নামানো হয়। স্টেশন কর্তৃপক্ষের সহায়তায় অবিলম্বে অ্যাম্বুল্যান্স পরিষেবার ব্যবস্থা করা হয়। বর্তমানে মা এবং নবজাতক দু’জনেই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। এমন সঙ্কটময় পরিস্থিতিতে সাহায্য করার জন্য রুকসানার পরিবার আরপিএফ জওয়ান এবং রেল প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement