ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ঘন জঙ্গল। মাঝে সরু পিচবাঁধানো রাস্তা। ঝড়-বৃষ্টিতে সেই রাস্তার উপর উপড়ে পড়েছে বেশ কয়েকটি গাছ। তার ফলে আটকে পড়েছে গাড়ি। সাহায্যে এগিয়ে এল একটি হাতি। শুঁড়ের সাহায্যে রাস্তা থেকে গাছ তুলে ধারে সরিয়ে রাখল গজ। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মাঝের সরু রাস্তার পড়ে রয়েছে বেশ কয়েকটি গাছ। সেই কারণে বেধেছে যানজট। সারি ধরে দাঁড়িয়ে রয়েছে গাড়ি। এরই সঙ্গে দোসর হয়েছে বৃষ্টি। সেই কারণেই উল্টে পড়েছে গাছ। পড়ে থাকা গাছগুলিকে সরাতে এগিয়ে এল এক হাতি। তার পিঠে বসে রয়েছেন এক তরুণ। তরুণের নির্দেশমতো হাতিটি রাস্তা থেকে শুঁড়ের সাহায্যে গাছ সরাতে থাকল। পড়ে থাকা গাছগুলিকে তুলে তুলে রাস্তার পাশে জঙ্গলের মধ্যে রাখল গজ। তার চলনে কোনও হিংস্রতা দেখা গেল না। উল্টে পুরো কাজটাই হাতিটি অত্যন্ত মৃদুমন্দ চালে করে চলল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
ভারতীয় বন (আইএফএস) আধিকারিক প্রবীণ কাসওয়ান তাঁর নিজস্ব এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করেছেন। ভাগ করে নেওয়া ভিডিয়োটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘আজ সন্ধ্যায় জঙ্গল ঘুরে দেখতে গিয়ে এই দৃশ্য চোখে পড়ল। যেখানে যন্ত্র কোনও কাজে আসে না, সেখানে শান্ত স্বভাবের হাতি আমাদের সাহায্য করে। তার জন্য রাস্তাটি পুনরায় ব্যবহারযোগ্য হয়ে উঠল।’’ ইতিমধ্যে সাড়ে আট হাজারেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। নেটাগরিকেরা হাতির সাহায্য করার ভিডিয়ো দেখে আপ্লুত হয়েছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘আসল জেসিবি।’’