ছবি: ইনস্টাগ্রাম।
সাপের নাম শুনলেই মানুষ শিউরে ওঠে! আর যদি সাপ ফণা তুলে তেড়ে এসে কারও সামনে দাঁড়ায়, তা হলে তো আত্মারাম খাঁচাছাড়া হওয়া ছাড়া উপায় নেই। কিন্তু এক যুবক ভয় পেলেন না। ফণা তুলে বার বার তেড়ে আসা সাপকে ফুটবলের মতো লাথি মারতে দেখা গেল তাঁকে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
সমাজমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, মাঠের ধারে এক যুবক কোনও একটি বস্তুকে সজোরে লাথি মারছেন। কিন্তু ক্যামেরা কাছে যেতেই অবাক করা দৃশ্য চোখে পড়ে। দেখা যায়, লাথি মারা বস্তুটি কোনও বল বা আবর্জনা নয়, বরং একটি জীবন্ত সাপ। সাপটি ফণা তুলে বার বার ওই যুবককে আক্রমণ করার চেষ্টা করছে। কিন্তু যুবক তাকে লাথি মেরে দূরে সরিয়ে দিচ্ছেন। অন্য দিকে সাপটিও হার মানতে রাজি হচ্ছে না। প্রতি বার লাথি খাওয়ার পরই সেটি নতুন উদ্যমে ফিরে এসে যুবককে কামড়ানোর চেষ্টা করছে। এ ঘটনায় ওই যুবক সাপটিকে এত জোরে লাথি মারেন যে সেটি মাঠের জলে ছিটকে পড়ে এবং আর ফিরে আসে না। বিপজ্জনক সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘কিউটিপাই.৮৮৫৮’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। ঘটনাটি নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘দাদা ওর সঙ্গে ফুটবল খেলবেন না। নয়তো ও-ই আপনার কফিনে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘বিপজ্জনক কাণ্ড! এ ভাবে প্রাণের ঝুঁকি নেওয়ার কোনও মানেই হয় না।’’