স্ত্রীকে জুতো পরিয়ে দিচ্ছেন যুবক। ছবি: ইনস্টাগ্রাম।
স্কুটি চড়ে যাওয়ার সময় স্ত্রীর এক পায়ের জুতো খুলে পড়ে গিয়েছিল মাঝরাস্তায়। আর তার জন্য স্কুটি থামিয়ে স্ত্রীর সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু করলেন যুবক। স্ত্রীর অন্য পা থেকেও জুতো খুলে রাস্তায় ছুড়ে দিলেন। তবে লাভ হল না। চাপে পড়ে সেই জুতো জোড়া তুলে এনে নিজে হাতে পরিয়ে দিতে হল স্ত্রীকে। সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তা দিয়ে স্কুটি চালিয়ে যাচ্ছেন যুবক। পিছনে বসে তরুণী স্ত্রী। এমন সময় তরুণীর এক পা থেকে জুতো খুলে রাস্তায় পড়ে যায়। স্বামীকে স্কুটি থামাতে বলেন তিনি। সঙ্গে সঙ্গে রেগে যান যুবক। স্কুটি থামিয়ে স্ত্রীকে অসাবধানি হওয়ার জন্য বকাবকি শুরু করেন। স্ত্রী পাল্টা তর্ক করলে আরও রেগে যান। স্ত্রীর অন্য পা থেকেও জুতো টেনে খুলে নিয়ে দূরে ছুড়ে দেন তিনি। স্ত্রীকে নিয়ে আসতে বলেন জুতোজোড়া। কিন্তু স্ত্রীও নাছোড়বান্দা। সাফ জানিয়ে দেন জুতো আনতে হবে স্বামীকেই। এর পর চাপে পড়েন যুবক। গুটি গুটি পায়ে জুতো দু’টি তুলে আনেন তিনি। বাধ্য হয়ে নিজের হাতেই জুতোজোড়া স্ত্রীকে পরিয়ে দিতে হয়। এর পর চুপচাপ স্ত্রীকে আবার স্কুটিতে চাপিয়ে সেখান থেকে চলে যান যুবক। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আশলিলবিলু’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকদের অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বড় প্যাকেট, ছোট ধমাকা।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘মনে হচ্ছিল পুরুষসিংহ। কিন্তু এ তো ভিজে বেড়াল।’’