বাসে মোবাইল চুরি করে পালাতে গিয়ে বিপত্তি। বাসের জানলায় আটকে গেল চোর। এর পর মোবাইল ছিনতাইকারী তরুণকে জানলা থেকে টেনে বাসের ভিতরে ঢোকালেন যাত্রীরা। চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলন্ত বাসে জানলার ধারে বসা এক যাত্রীর হাত থেকে ফোন চুরির চেষ্টা করছিলেন এক তরুণ। কিন্তু ওই যাত্রী মোক্ষম সময়ে তাঁর হাত ধরে ফেলেন। টেনে জানলায় তুলে নেন। ফলে জানলার মাঝে আটকে যায় চোর। সুযোগ পেয়ে তাঁকে জানলা দিয়ে টেনে বাসের ভিতরে ঢোকান যাত্রীরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তায় একটি বাসের জানলা থেকে ঝুলছেন এক তরুণ। তাঁর কোমর পর্যন্ত বাসের ভিতরে। কোমর থেকে পা বিপজ্জনক ভাবে বাসের বাইরে ঝুলছে। জানলার বাইরে অনেক মানুষ জড়ো হয়েছেন। চিৎকার করছেন অনেকে। এর পর বাসের যাত্রীরা তরুণকে টেনে বাসের ভিতরে ঢুকিয়ে নেন।
ঘটনাটির ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘চোর জীবনেও কল্পনা করতে পারেননি যে তার এমন দুর্দশা হবে।’’