আইবেক্স এবং তুষার চিতাবাঘ। ছবি: ইনস্টাগ্রাম।
তুষারে ঢাকা পাহাড়ি উপত্যকায় আইবেক্সের উপর ঝাঁপিয়ে পড়ল তুষার চিতাবাঘ। বড় শিংওয়ালা বুনো ছাগলের প্রজাতির প্রাণীটির সঙ্গে অনেক ক্ষণ ধরে চলল লড়াই। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দাবি, ঘটনাটি হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকার কিব্বর গ্রামের। ভাইরালও হয়েছে সেই ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি দু’দিন ধরে তুষারঝড় চলে কিব্বর গ্রামে। ঝড় থামলে দেখা যায়, এলাকা তুষারে ঢাকা পড়েছে। সেই তুষারঢাকা পার্বত্য এলাকাতেই একটি আইবেক্সের উপর ঝাঁপিয়ে পড়ে একটি তুষার চিতাবাঘ। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, তুষারাবৃত পাহাড়ি এলাকায় আপন খেয়ালে বরফ সরাচ্ছে একটি আইবেক্স। বুনো ছাগলের প্রজাতি আইবেক্সটির মাথায় বাঁকানো বিশাল দু’টি শিং। এমন সময় সেখানে উপস্থিত হয় একটি তুষার চিতাবাঘ। ধীর গতিতে গিয়ে আইবেক্সের উপর ঝাঁপিয়ে পড়ে সে। আইবেক্সের ঘাড় কামড়ে ধরে। লড়াই শুরু হয় উভয়পক্ষের। এর পর তুষারে ঢাকা এলাকা দিয়েই দৌড়োতে শুরু করে আইবেক্সটি। চিতা তার শরীরেই ঝুলে থাকে ঘাড় ধরে। বেশ কিছুটা যাওয়ার পর একটি ঢালু জায়গা থেকে পিছলে পড়ে যায় আইবেক্সটি। ঝাঁকুনিতে তার ঘাড় থেকে পড়ে যায় চিতাবাঘও। সুযোগ পেয়ে আবার পালানোর চেষ্টা করে শিংওয়ালা প্রাণীটি। কিন্তু তুষার চিতাবাঘ তার পিছু ছাড়েনি। সেটিও দৌড়োতে শুরু করে আইবেক্সের পিছনে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। যদিও শেষ পর্যন্ত চিতাবাঘটি আইবেক্সটিকে শিকার করতে পেরেছে কি না, তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট হয়নি।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অ্যান্ড্রেসনোভেলস_ওয়াইল্ডলাইফ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘কী দুর্দান্ত মুহূর্ত!! বণ্যপ্রাণীদের এই লড়াই কোনও দিন ভুলব না।’’