কেরলের সেই পথকুকুর। ছবি: ইনস্টাগ্রাম।
যিনি দেখাশোনা করতেন তিনি মারা গিয়েছেন। মনের দুঃখে দিনরাত সেই প্রভুর কবর পাহারা দিতে দেখা গেল পথকুকুরকে! কেরলের মলপ্পুরমের তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হৃদয়স্পর্শী সেই ভিডিয়ো দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছেন নেটাগরিকেরা। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পশুপ্রেমী হিসাবে পরিচিত ছিলেন পাথাপ্পিরিয়াম পেরুভিলকুন্ডু ভালিয়াপীড়িয়াক্কালের বাসিন্দা আমিনা। তাঁর পাড়ায় প্রতি দিন একটি পথকুকুরকে খাওয়াতেন তিনি। সময়ের সঙ্গে কুকুরটি আমিনার খুব প্রিয় হয়ে ওঠে। কুকুরটিও নিয়মিত আমিনার বাড়ির কাছে এসে খাবারের জন্য অপেক্ষা করত। কিন্তু কিছু দিন আগেই রাস্তার পাশে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন আমিনা। প্রত্যক্ষদর্শীদের মতে, কুকুরটিই প্রথম বুঝতে পারে যে আমিনার কিছু একটা সমস্যা হয়েছে। জোরে জোরে এবং একটানা চিৎকার করতে শুরু করে পথকুকুরটি। আশপাশের বাসিন্দাদের দৃষ্টি আকর্ষণ করে। প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে আমিনাকে অচেতন অবস্থায় দেখতে পান। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে আমিনার।
জানা গিয়েছে, আমিনার শেষকৃত্যের সময় কুকুরটির আনুগত্য আরও স্পষ্ট হয়ে ওঠে। নীরবে শবযাত্রা অনুসরণ করে সে। আমিনাকে কবর দেওয়ার সময়ও সে কবরস্থানেই উপস্থিত ছিল। শেষকৃত্যের পর আমিনার পরিবার-পরিজনেরা বাড়ি ফিরে গেলেও কুকুরটি সেখান থেকে সরতে রাজি হয়নি। কবরের পাশেই ঠায় বসে থাকে সে। স্থানীয়দের মতে, এর পর থেকে দিনরাত আমিনার কবর পাহারা দিতে দেখা গিয়েছে ওই পথকুকুরটিকে। তিন দিন ধরে গ্রামবাসীরা কুকুরটিকে আমিনার সমাধিস্থলের কাছে বসে বা শুয়ে থাকতে দেখছেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ফেডারেল_ইন্ডিয়া’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর চোখ ভিজেছে নেটপাড়ায়। নেটাগরিকদের অনেকেই আবেগতাড়িত হয়ে পড়েছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘কুকুরের থেকে বিশ্বস্ত বন্ধু সত্যিই আর হয় না। ভিডিয়োটি দেখে চোখে জল এল।’’