—প্রতিনিধিত্বমূলক ছবি।
প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকাত মোল্লার ভাই শাহজাহান মোল্লার ইটভাটার বন্ধ ঘর থেকে এক কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার ঘটনায় লাগল রাজনীতির রং। সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার পয়না এলাকায় দুধকুমার সর্দার (২৬) নামে ওই যুবকের দেহ মেলে। যুবককে দলের কর্মী বলে দাবি করে ‘যথাযথ’ তদন্তের আর্জি জানিয়েছে বিজেপি।রাজ্যের অন্যত্র কোথাও তৃণমূল, কোথাও বিজেপি হামলারঅভিযোগ তুলেছে।
পরিবারের দাবি, ইটভাটা মালিকের কাছ থেকে ২০ হাজার টাকা ধার নিয়ে শোধ করতে পারছিলেন না দুধকুমার। তা নিয়ে ‘চাপ’ দেওয়া হচ্ছিল তাঁকে। পরিবারের অভিযোগ, দুধকুমারকে খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। তবে যে ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে, সেটি ভিতর থেকে বন্ধ ছিল বলে দাবি পুলিশ সূত্রের। সওকাত বা শাহজাহান এ ব্যাপারে মন্তব্য করেননি।
বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের মাথুর ও বাসুলডাঙা পঞ্চায়েত এলাকায়। জনা দশেক কর্মী জখম হয়েছেন বলে দাবি বিজেপির। এ দিন আহত কর্মীদের দেখতে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে যান বিজেপি নেতা দীপক হালদার। ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক পান্নালাল হালদার অবশ্য বলেন, “তৃণমূল কর্মীরা এখন ঘরছাড়া। তাঁরা কাউকে মারবেন, বিশ্বাস হয় না!”
উত্তর ২৪ পরগনার হাড়োয়ার চৌহাটা গ্রামে বিজেপির তিন কর্মীকে মারধরে অভিযুক্ত তৃণমূল। তৃণমূলের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ওই ঘটনা। হুগলির গোঘাটে এক তৃণমূল কর্মীকে রবিবার রাতে বাঁশ দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। অভিযুক্তেরা তাদের দলের নয় বলে দাবি বিজেপির। বাঁকুড়ার বিষ্ণুপুরে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ মানেনি তৃণমূল।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে