Jharkhali Tiger Rehabilitation Center

বার বার স্নান বাঘেদের, থাকছে ওআরএস

প্রতি বছরই গরম যখন বাড়ে তখন ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে থাকা বাঘেদের জন্য বাড়তি পরিচর্যা শুরু করেন বনকর্মীরা।

প্রসেনজিৎ সাহা

শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ০৯:১৩
Share:

স্নান করানো হচ্ছে বাঘকে। নিজস্ব চিত্র ।

প্রচণ্ড গরমে নাকাল জীবন। মানুষের মতোই কষ্ট পাচ্ছে সুন্দরবনের ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের বাঘেরাও। বন দফতরের তরফে তাদের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। দু’বেলা তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগের ডিএফও নিশা গোস্বামী।

প্রতি বছরই গরম যখন বাড়ে তখন ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে থাকা বাঘেদের জন্য বাড়তি পরিচর্যা শুরু করেন বনকর্মীরা। এ বারও তার অন্যথা হয়নি। ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মীরা প্রতিদিন দু’তিনবার করে স্নান করাচ্ছেন বাঘ ও বাঘিনিকে। এই গরমে শরীর সুস্থ রাখতে ভিটামিন-সি ট্যাবলেট এবং ওআরএস মিশ্রিত পানীয় জল দেওয়া হচ্ছে তাদের। বড় বড় পাখার ব্যবস্থা করা হয়েছে দুই রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য।

আগে তিনটি বাঘ এই ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে থাকলেও এখন দু’টি বাঘ রয়েছে। আগের তিনটি বাঘের মধ্যে সুহান ও সুহানির মৃত্যু হয় সাম্প্রতিক অতীতে। তাই নিঃসঙ্গ বাঘটির জন্য আরও এক সঙ্গীকে নিয়ে আসা হয়েছে এই ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে। সুন্দরবন ভ্রমণে এসে যাঁরা বাঘের দেখা পান না, তাঁরা ঝড়খালির এই কেন্দ্রে এসে বাঘের দর্শন করতে পারেন। কলকাতা থেকে সরাসরি গাড়িতেই এই ঝড়খালি পর্যটন কেন্দ্রে আসা যায় বলে এখানে বাঘেদের দর্শনের চাহিদাও খুব। তবে এই গরমে অবশ্য পর্যটকদের আনাগোনা বেশ কম।

এই ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের বাঘ দু’টি যাতে এই প্রচণ্ড গরমেও সুস্থ থাকে, সে কারণে নানা পদক্ষেপ করা হচ্ছে বলে বন দফতর সূত্রের খবর। খাবারের উপরেও বাড়তি নজর দেওয়া হচ্ছে। প্রতিদিন দু’বেলা বাঘেদের স্বাস্থ্য পরীক্ষা করছেন পশু চিকিৎসক। নিশা বলেন, ‘‘প্রতি বছরের মতো এ বারও বাঘেদের সুস্থ রাখার জন্য যা যা ব্যবস্থা করা দরকার, সে সব করা হয়েছে। দু’টি বাঘই সুস্থ রয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন