প্রধান শিক্ষকের সঙ্গে পরিচালন সমিতি সভাপতির গোলমালের জেরে শনিবার দুপুরে উত্তেজনা ছড়াল ক্যানিংয়ের তালদি মোহনচাঁদ হাইস্কুলে। ওই স্কুলে সিসিটিভি ক্যামেরা রয়েছে। এ দিন সেখানে কাজ করছিলেন কিছু কর্মী। পরিচালন সমিতির সভাপতি উমাশঙ্কর সর্দার অভিযোগ তোলেন, প্রধান শিক্ষক কাউকে কিছু না জানিয়ে ওই ক্যামেরার পাশে সাউন্ড সিস্টেম বসানোর ব্যবস্থা করছিলেন। এরই প্রতিবাদ জানাতে উমাশঙ্করবাবুরা প্রধান শিক্ষক সঞ্জয় নস্করের কাছে গেলে দু’পক্ষের বচসা থেকে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। সঞ্জয়বাবুর দাবি, ‘‘ওখানে সিসিটিভির ক্যামেরা রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। কোনও সাউন্ড সিস্টেম লাগানো হয়নি। ’’