অভিযোগ উঠেছিল, গণধর্ষণের পরে এক বধূর মুখে অ্যাসিড ঢেলে পালিয়েছে দুষ্কৃতীরা। মহিলা কল্যাণীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার অশোকনগরের এই ঘটনায় তোলপাড় শুরু হয় পুলিশ মহলেও। ইতিমধ্যে সন্ধের দিকে মহিলার কিশোর ছেলে থানায় এসে আর একটি লিখিত বয়ানে জানিয়েছে, তারই দায়ের করা আগের অভিযোগটি মিথ্যা ছিল। তাতে আরও ফাঁপরে পড়েছে পুলিশ। কোন পরিস্থিতিতে ছেলেটি মিথ্যা অভিযোগ করেছিল, তা ভাবাচ্ছে তদন্তকারী অফিসারদের। আবার, কোনও চাপে পড়ে ছেলেটি বয়ান বদল করছে কিনা, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরুণ হালদার জানান, গণধর্ষণের মামলাটি ইতিমধ্যেই রুজু করা হয়েছে। সব দিক খোলা রেখে তদন্ত এগোবে। তবে মহিলার পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গ্রামের এক ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। যার জেরে শুক্রবার সকালে অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাটিকে অন্য ভাবে কাজে লাগিয়ে কিছু পারিবারিক সুবিধা পাওয়ার চেষ্টা করেছিল মহিলার নিকটাত্মীয়েরাই। মহিলার সঙ্গে এ ব্যাপারে কথা বলা হবে বলে জানিয়েছে পুলিশ।