অবৈধ নির্মাণ ভাঙা হল পশ্চিম বর্ধমানের কোলিয়ারিতে। —নিজস্ব চিত্র।
ইসিএলের জমি দখল করে নির্মাণকাজ করেছিলেন। সেখানেই পরে রাজনৈতিক দলের কার্যালয় খোলা হয়েছিল। তৃণমূল নেতা বিনোদ নোনিয়ার ‘কথিত’ দলীয় কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিলেন কোলিয়ারি কর্তৃপক্ষ। এঅ নিয়ে শোরগোল পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে।
বৃহস্পতিবার বিকেলে উচ্ছেদ অভিযানে নামেন কোলিয়ারি কর্তৃপক্ষ। ইসিএলের জমিতে নির্মিত অবৈধ নির্মাণ ভাঙতে তাঁরা পৌঁছে যান চাপুইয়ে। ইসিএলের দাবি, কোম্পানির জমিতে জোরপূর্বক তৃণমূল কার্যালয় তৈরি করেছিলেন বিনোদ। অবৈধ নির্মাণ ভাঙার জন্য প্রশাসনের অনুমতি নিয়ে তারা জেসিবি নিয়ে গিয়েছিল, পুলিশবাহিনীর উপস্থিতিতে উচ্ছেদ প্রক্রিয়া শেষ হয়।
অভিযানের সময় কোলিয়ারির এইচআর সোমু তিওয়ারি এবং রানিগঞ্জ থানার নিমচা ফাঁড়ির পুলিশের কর্মীরা উপস্থিত ছিলেন। তৃণমূল কার্যালয়ের ভিতরে থাকা যাবতীয় আসবাবপত্র বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হয়। তার পর বুলডোজ়ার দিয়ে পুরো ভবনটিই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় বিজেপি নেতা সঞ্জয় রুইদাসের দাবি, দীর্ঘদিন ধরে ওই তৃণমূল কার্যালয়টি ছিল তৃণমূল কংগ্রেস নেতা বিনোদ নোনিয়ার অফিস। গায়ের জোরে এত দিন তিনি অবৈধ ভাবে জমি দখল করে রেখেছিলেন। যদিও এ বিষয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসিএল কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘‘কোম্পানির জমিতে কোনও দখল বা অবৈধ নির্মাণ আমরা বরদাস্ত করব না। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।’’