গ্রাফিক: এআই সহায়তায় প্রণীত।
বোনের সঙ্গে অঘোষিত প্রতিযোগিতার জেরে চরম সিদ্ধান্ত দিদির। চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হল বাঁকুড়ার শাসপুর এলাকা।
পরিবারের দাবি, স্কুলের টেস্ট পরীক্ষায় বোনের চেয়ে কম নম্বর পাওয়ায় আত্মহত্যার চেষ্টা করে একাদশ শ্রেণির ছাত্রী তন্দ্রা বাগদী। রবিবার বর্ধমান মেডিক্যাল কলেজে তার মৃত্যু হয়েছে। কিশোরীর পদক্ষেপে হতবাক পরিবার এবং পরিজনেরা।
তন্দ্রার বয়স ১৭ বছর। বাঁকুড়ার শাসপুর ডিএনএস হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী ছিল সে। তন্দ্রার সঙ্গে পড়াশোনা করে তার যমজ বোন। একই স্কুল, একই শ্রেণি, একই সঙ্গে স্কুলে যাওয়া-আসা দুই যমজের। কিন্তু কয়েক ঘণ্টার ছোট বোনের সঙ্গে পরীক্ষায় নম্বরের ফারাক মানতে পারেনি দিদি। পরিবার সূত্রে খবর, প্রতিটি পরীক্ষাতেই তন্দ্রা সাধারণত তার বোনের থেকে বেশি নম্বর পেত। সেই নিয়ে দুই বোনের মধ্যে অঘোষিত প্রতিযোগিতা চলছিল। একাদশ শ্রেণির টেস্ট পরীক্ষায় তন্দ্রা বোনের চেয়ে ২ নম্বর কম পায়। তার পরেই মানসিক ভাবে ভেঙে পড়েছিল সে। দিন কয়েক আগে আত্মহত্যার চেষ্টা করে তন্দ্রা।
ছাত্রীর বাবা পরিতোষ বাগদি বলেন, ‘‘পরীক্ষার ফল বেরোনোর পর বাড়িতে আত্মহত্যার চেষ্টা করে বড় মেয়ে। গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে ইন্দাস হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তর করতে হয়। তা-ও বাঁচাতে পারলাম না মেয়েটাকে।’’ ভেঙে পড়েন কন্যাহারা পিতা। তিনি জানান, চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তন্দ্রার মৃত্যু হয়েছে।