Panchayat Pradhan's Husband Death

পঞ্চায়েত অফিসের সামনে ‘আত্মহত্যা’ প্রধানের স্বামীর! বৌমার দিকে আঙুল মৃতের মায়ের, শোরগোল কালনার গ্রামে

মৃতের পরিবারের একাংশের দাবি, পেশায় রাজমিস্ত্রি মৃণালের সঙ্গে স্ত্রীর বেশ কিছু দিন ধরে বনিবনা হচ্ছিল না। পঞ্চায়েত প্রধান স্ত্রী পরকীয়ায় জড়িয়েছেন। সেখান থেকেই দাম্পত্য কলহের শুরু।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ১৯:০১
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পঞ্চায়েত ভবনের সামনে প্রধানের স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার পূর্ব বর্ধমানের কালনায়। মঙ্গলবার এ নিয়ে চাপানউতর কালনা-১ নম্বর ব্লকের কৃষ্ণদেবপুর পঞ্চায়েত এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম মৃণাল বিশ্বাস। বয়স ৪৩ বছর। কৃষ্ণদেবপুরের রায়পাড়ার ওই বাসিন্দার স্ত্রী লিপিকা বিশ্বাস স্থানীয় পঞ্চায়েতের প্রধান। যে সরকারি ভবনে স্ত্রী কাজ করেন, তার মূল ফটকের সামনে আত্মহত্যা করেছেন তিনি। যদিও খুনের মৌখিক অভিযোগ করছে পরিবার।

মঙ্গলবার সকালে মৃণালের দেহ দেখতে পেয়ে শোরগোল শুরু হয়ে যায় এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়ার সময় মৃতের পরিচয় জানতে পারে পুলিশ। এর মধ্যে শুরু অশান্তি।

Advertisement

মৃতের পরিবারের একাংশের দাবি, পেশায় রাজমিস্ত্রি মৃণালের সঙ্গে স্ত্রীর বেশ কিছু দিন ধরে বনিবনা হচ্ছিল না। পঞ্চায়েত প্রধান স্ত্রী পরকীয়ায় জড়িয়েছেন। সেখান থেকেই দাম্পত্য কলহের শুরু। মৃণালের মায়ের অভিযোগ, ‘‘চক্রান্ত করে আমার ছেলেকে খুন করা হয়েছে। বউমা আর তার প্রেমিক এই খুনে জড়িত।’’ অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান। তাঁর বক্তব্য, গত দু’বছর হল স্বামীর সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। তিনি বলেন, ‘‘আমরা আলাদা থাকি। ডিভোর্সের মামলাও চলছে। আমার অন্য কোনও সম্পর্ক নেই। কিন্তু কেন এবং কী ভাবে পঞ্চায়েত অফিসের সামনে এই ঘটনা ঘটল, তা আমিও জানি না। বিষয়টি পুলিশকে জানিয়েছি।’’

পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এই মৃত্যুকে প্রাথমিক ভাবে আত্মহত্যা বলেই মনে করছে তারা। তবে মৃত্যুর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement