নিজস্ব চিত্র
শাসক দলের নেতা প্রতারিত। থানার 'মেজবাবু' পরিচয় দিয়ে ফোন করে তৃণমূল নেতাকে ঠকিয়ে ২০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারে। তৃণমূল নেতা মহম্মদ হোসেন ওরফে বুলু মিঞা ভাতার থানায় বৃহস্পতিবার বিকেলে এই নিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
মহম্মদ হোসেন নামে ওই নেতা ভাতার ব্লকের সাহেবগঞ্জ ২ নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি। তাঁর বাড়ি ভাতারের ওড়গ্রামে। তিনি জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ১০টা নাগাদ একটি অচেনা নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। প্রথমবার ফোন করে এলাকার একটি অশান্তির বিষয় নিয়ে কথা বলে ফোন রেখে দেন প্রতারক। তাঁর মিনিট দশেক পরেই ফের ওই একই নম্বর থেকে ফোন করে জরুরি প্রয়োজনে ১০ হাজার টাকা ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে পাঠিয়ে দিতে বলেন ওই ব্যক্তি। মহম্মদ হোসেন বলেন,‘‘আমার এলাকায় বুধবারের একটি অশান্তি নিয়ে কথাবার্তা হওয়ায় আমার অবিশ্বাস হয়নি। তাই পুলিশের মেজবাবু হিসাবে বিশ্বাস করে আমি একজনের কাছে টাকা ধার করতে যাই। ততক্ষণে ফের অন্য একটি নম্বর থেকে ফোন করে থানার ‘মেজবাবুর ছেলে’ বলে পরিচয় দেয় একজন। আরও ১০ হাজার টাকা অর্থাৎ মোট ২০ হাজার টাকা পাঠিয়ে দিতে বলে। আমি ২০ হাজার টাকা পাঠিয়ে দিই।’’ মহম্মদ হোসেন জানান টাকা পাঠানোর পরেও ফের ফোন আসে। জানানো হয় কিছু ক্ষণের মধ্যেই ওড়গ্রামে গিয়ে ২০ হাজার টাকা ফেরত দিয়ে আসা হবে।
তৃণমূল নেতার কথায়, ‘‘প্রায় দুঘন্টা পরেও কেউ টাকা দিতে আসছে না দেখে আমি ওড়গ্রাম পুলিশ ফাঁড়িতে গিয়ে পরিচিত পুলিশ কর্মীকে বিষয়টি বলি। তখন বুঝতে পারি আমি প্রতারিত হয়েছি। ওই মোবাইল নম্বর আদৌ মেজবাবুর নয়।’’ বৃহস্পতিবার বিকেলে ভাতার থানায় মহম্মদ হোসেন অভিযোগ জানিয়েছেন।