প্রধান শিক্ষকের বিরুদ্ধে পুলিশের কাছে ‘বাইরের লোক দিয়ে ধর্ষণ’ করানোর হুমকির লিখিত অভিযোগ করল দুর্গাপুরের ফুলঝোড়ের সরকারি আবাসিক স্কুলের নবম শ্রেণির ছাত্রী। এর আগে সে মহকুমাশাসকের কাছে এই অভিযোগ জানিয়েছিল। পুলিশ তাকে থানায় লিখিত অভিযোগ জানানোর পরামর্শ দেয়। শনিবার এই অভিযোগ করে সে। ওই দিনই স্কুলের এক আদিবাসী শিক্ষিকা প্রধান শিক্ষকের বিরুদ্ধে কুৎসা ও হুমকির অভিযোগ করেছেন। এডিসিপি (পূর্ব) সুনীল যাদব জানান, “এসিপি (পূর্ব) তদন্ত করছেন।”
মহকুমাশাসকের কাছে ওই স্কুলের পড়ুয়ারা অভিযোগ জানিয়েছিল, প্রধান শিক্ষক বিশুদ্ধানন্দ রায় তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। নিয়ম বহির্ভূত ভাবে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়। হস্টেলে খাবার-সহ অন্য পরিষেবার মান খারাপ। তারা আন্দোলন শুরু করায় প্রধান শিক্ষক প্রথমে তাদের ধমকে চুপ করানোর চেষ্টা করেন। তাতে কাজ না হওয়ায় ২২ জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া নবম শ্রেণির ওই ছাত্রীকে ‘বাইরের লোক দিয়ে ধর্ষণ’ করানোর হুমকি দেন বলে অভিযোগ। এডিসিপি (পূর্ব) সুনীল যাদব জানান, শনিবার নিউটাউনশিপ থানায় অভিযোগ দায়ের করেছে ছাত্রীটি। পুলিশ জানায়, অভিযুক্তের বিরুদ্ধে ‘অপ্রাপ্তবয়স্কদের যৌন হয়রানি থেকে রক্ষা আইন-২০১২’, শ্লীলতাহানির উদ্দেশে আক্রমণ, অপমান, হুমকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের হবে।
ওই স্কুলেরই এক শিক্ষিকা শনিবার পুলিশে অভিযোগে করেন, বিএড সংক্রান্ত দরখাস্ত জমা দিতে গেলে প্রধান শিক্ষক বিশুদ্ধানন্দবাবু তা ছুঁড়ে ফেলে দেন। তাঁকে এমএ পড়ার অনুমতি দেননি। অথচ, অন্য এক জনকে দেওয়া হয়েছে। ওই শিক্ষিকার অভিযোগ, “আমাকে জাত তুলে কটাক্ষ করা হয়েছে।” তিনি জানান, ৬ সেপ্টেম্বর করম পরব ছিল। সরকারি আইনে আদিবাসী স্কুলে সে দিন ছুটি থাকার কথা। তিনি সে জন্য ছুটির আবেদন করতে গেলে তা ছুঁড়ে ফেলে দেন প্রধান শিক্ষক। ওই শিক্ষিকার দাবি, “উনি বলেন, ‘আমি এ সব মানি না।’ সরকারি নিয়মের কথা বলায় উনি চিৎকার জুড়ে দেন।” পুলিশ জানায়, অভিযুক্তের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে জাতি নিয়ে কুৎসা করা, হুমকি, আটকে রাখার অভিযোগে মামলা দায়ের হবে।
আদিবাসীদের সংগঠন ‘বীরভূম আদিবাসী গাঁওতা’র আহ্বায়ক সুনীল সোরেন জানান, এ ভাবে সরকারি স্কুলে অনিয়ম মানা হবে না। তিনি বলেন, “সংগঠনের তরফে মহকুমাশাসকের (দুর্গাপুর) কাছে স্মারকলিপি দেওয়া হবে। অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে পুলিশের কাছে।” প্রধান শিক্ষক বিশুদ্ধানন্দবাবু অবশ্য অভিযোগ মানতে চাননি। তাঁর দাবি, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। আমি কোনও অন্যায় করিনি। দ্রুত তা প্রমাণ হয়ে যাবে।”