মোটরবাইকের ধাক্কায় মারা গেলেন এক সাইকেল আরোহী। গুরুতর জখম হয়ে কাঁকসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছেন মোটরবাইকের আরোহী। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে কাঁকসার সিলামপুর-আনন্দপুর রাস্তায় নিমতলার কাছে। পুলিশ জানায়, মৃতের নাম শ্রীমুনি চৌধুরী (৬০)। বাড়ি কাটোয়ায়। ন’পাড়া গ্রামে দিন কয়েক আগে তিনি চাষবাসের কাজ করতে এসেছিলেন। এ দিন দুপুরে প্রবল বৃষ্টির মধ্যে তিনি সাইকেলে চড়ে যাচ্ছিলেন। সেই সময় একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। জখম হন মোটরবাইকের আরোহী। পুলিশ জানায়, বাইকটিতে তিন জন ছিলেন। জখম যুবককে ফেলে বাকি দু’জন পালিয়ে যান। স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।