মিহিদানা নয়, বাটার স্কচ সন্দেশ চাইছেন ক্রেতারা

চেনা সীতাভোগ, মিহিদানায় আর মন ভরছে না। তাই বিজয়া দশমী হোক কোজাগরী লক্ষ্মীর প্রসাদ, নতুন ধরণের মিষ্টি খুঁজছেন বাড়ির গিন্নি থেকে কমবয়েসীরা। রসনার স্বাদ বদলের সঙ্গে পাল্লা দিতে নেমে পড়েছেন দোকানদারেরাও।

Advertisement

সৌমেন দত্ত

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৫ ০১:৫০
Share:

ছানা ভাজা থেকে সুইট রোল বিকোচ্ছে সবই।—নিজস্ব চিত্র।

চেনা সীতাভোগ, মিহিদানায় আর মন ভরছে না। তাই বিজয়া দশমী হোক কোজাগরী লক্ষ্মীর প্রসাদ, নতুন ধরণের মিষ্টি খুঁজছেন বাড়ির গিন্নি থেকে কমবয়েসীরা। রসনার স্বাদ বদলের সঙ্গে পাল্লা দিতে নেমে পড়েছেন দোকানদারেরাও।

Advertisement

বর্ধমান শহরের একাধিক মিষ্টির দোকান ঘুরে দেখা গেল পুজোর মরসুম জুড়ে সীতাভোগ, মিহিদানার পাশাপাশি অন্য স্বাদের মিষ্টি চাইছেন ক্রেতারা। পছন্দের মিষ্টি খেতে রোদ মাথায় লম্বা লাইনও দিচ্ছেন দোকানের বাইরে। যদিও ব্যবসায়ীদের দাবি, বিজয়া দশমীর পরের দু’দিন মিষ্টি কেনার হিড়িক একটু কমলেও লক্ষ্মীপুজোর সকাল থেকে আবার ধুম পড়বে মিষ্টি কেনার। কারণ পুজোর প্রসাদ থেকে শুরু করে নিমন্ত্রণের পাত সবেতেই মিষ্টি অপরিহার্য।

বর্ধমান শহরে প্রায় ২২৪টি মিষ্টির দোকান রয়েছে। মহালয়া থেকে ভাইফোঁটা পর্যন্ত মিষ্টির প্রচণ্ড চাহিদা থাকে। এ বছরও রকমারি স্বাদের সন্দেশ ও রসালো মিষ্টির ডালা সাজিয়ে দোকানগুলি জমজমাট। কোথাও বিকোচ্ছে মিল্ক ব্রাউন সন্দেশ, তো কোথাও বিকেলেই শেষ হয়ে যাচ্ছে চকোলেট বল, সুইট রোল, মালাই লর্ড বা বেকড্ রসগোল্লা। পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির বর্ধমান শাখার সম্পাদক প্রদীপ ভগত বলেন, “বর্ধমানের বিখ্যাত মিষ্টি বলতে সীতাভোগ, মিহিদানা। তবে এ বার তাতেও বৈচিত্র্য নিয়ে আসা হয়েছে।” কী রকম? বর্ধমান শহরের পার্কাস রোড ও বিবি ঘোষের সংযোগস্থলে নিজের দোকানে বসে প্রদীপ বাবু জানান, বর্ধমান শহরে দু’ধরনের সীতাভোগ-মিহিদানা বিক্রি হয়। একটি তেলে বা বনস্পতিতে ভাজা সাধারণ, আর একটি ঘিয়ে ভাজা ‘স্পেশ্যাল’। সাধারণ সীতাভোগের দাম ১২০ টাকা, আর স্পেশ্যাল ১৮০ টাকা প্রতি কেজি। তিনি বলেন, “এ বার আমরা মিহিদানা ও সীতাভোগকে আরও মিহি ভাবে তৈরি করেছি। গাওয়া ঘিয়ে একবারই ভাজা হচ্ছে। তার সঙ্গে কেশর-পেস্তা মিশিয়ে বৈচিত্র্য নিয়ে এসেছি। যার নাম দেওয়া হয়েছে ইউনিক সীতাভোগ ও ইউনিক মিহিদানা। দাম পড়বে প্রতি কিলোগ্রামে ৩০০ টাকা। চাহিদাও ভালই রয়েছে।”

Advertisement

প্রদীপবাবুর দোকানেই তৈরি হচ্ছে মিল্ক ক্রাউন সন্দেশ। তবে শুধু এই দোকানই নয়, শহরের অন্য ব্যবসায়ীরাও এ বার মিষ্টির মধ্যে বৈচিত্র্য আনার চেষ্টা করেছেন। বি সি রোডের একটি দোকান এ বার পাটি সাপটার মতো ক্ষীরের পুর দেওয়া মিষ্টি তৈরি করেছে,যার পোশাকি নাম সুইট রোল। প্রতিটি সুইট রোল বিক্রি হচ্ছে ১০ টাকায়। আরও মনকাড়া মিষ্টিগুলি হল, বাটার স্কচ সন্দেশ, কাঁচা পাকের সন্দেশ, মালাই চপ। দোকানের কর্ণধার সৌমেন দাস বলেন, “উৎসবের মরসুমে বর্ধমান ও লাগোয়া এলাকার বাসিন্দারা চিরাচরিত মিষ্টির সঙ্গেই নতুন স্বাদের মিষ্টির খোঁজ করছেন। এখনও পর্যন্ত সন্দেশের চাহিদাই বেশি। আমরা ভাইফোঁটার সময় বেশ কিছু নতুন স্বাদের মিষ্টি বাজারে নিয়ে আসব বলে ভেবে রেখেছি।” ওই রাস্তার উপরেই আর একটি দোকানের শো-কেসে সাজানো রয়েছে মালাই লর্ড, মালপোয়া, মালাই স্যন্ডাউচ প্রভৃতি মিষ্টি। পাশেই রয়েছে ছানা ভেজে রসে ফেলে তৈরি করা বট ফল ও ছানা ভাজা। দোকানের কর্ণধার তপনকুমার নাগ বলেন, “ক্রেতারা সীতাভোগ-মিহিদানার পাশাপাশি অন্য স্বাদের খোঁজ করেন। সে জন্য মিষ্টিতে বৈচিত্র্য আনা হয়েছে।”

বর্ধমান-কাটোয়া রোডের ধারে মঙ্গলকোটের নিগন গ্রামের কুন্তল হাজরা তৈরি করেছেন ‘মিষ্টি বাংলা’ ব্রান্ড। ওই সংস্থার দাবি, নিগন গ্রামের তৈরি মিষ্টি কলকাতা তো বটেই গোটা রাজ্যে প্রসিদ্ধি পাচ্ছে। কুন্তলবাবু বলেন, “বেকড্ রসগোল্লা, নানা স্বাদের সন্দেশের পাশাপাশি কাজু বরফি, চকলেট বল, চকলেট রোলেরও চাহিদা রয়েছে। ভাইফোঁটার জন্য বেশ কিছু বিশেষ মিষ্টি তৈরি করা হচ্ছে।” কালনাতেও এ বার মাখা সন্দেশের সঙ্গে নলেন গুড় মিশিয়ে অন্য গন্ধ আনার চেষ্টা করা হয়েছে। তা বিকোচ্ছে ২১০ থেকে ২৩০ টাকায়। এর সঙ্গেই লক্ষ্মী পুজো স্পেশাল মালপোয়া বা গজারও বিক্রি রয়েছে ভাল। এ ছাড়া সন্দেশের সঙ্গে ছানার মণ্ডারও ভাল বিক্রি রয়েছে লক্ষ্মীপুজোয়।

তবে ছানার দাম, কারিগরের মজুরি বেড়ে যাওয়ায় মিষ্টির দামও বেড়ে গিয়েছে বলে ব্যবসায়ীদের দাবি। বর্ধমানের মিষ্টি ব্যবসায়ীরা জানান, পুজোর আগে ছানার দাম ছিল প্রতি কিলোগ্রামে ১২০টাকা, এখন তা গিয়ে ঠেকেছে ২১০ থেকে ২৩০ টাকায়। একই সঙ্গে বেড়েছে মিষ্টি তৈরির কারিগরদের মজুরি-সহ অন্যান্য সামগ্রীর দাম। কালনার নিভুজি মোড় এলাকার এক দোকানিও বলেন, ‘‘ছানার দাম বাড়ায় মিষ্টির দাম বাড়াতে হয়েছে কিছুটা। তবে তা মানুষের আয়ত্তের মধ্যে রাখার চেষ্টা করছি আমরা।’’

(সহ প্রতিবেদন কেদারনাথ ভট্টাচার্য)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement