West Bengal Election 2026

নির্বাচনের মুখে দুই জেলা থেকে উদ্ধার অন্তত ৩০ কেজি গাঁজা! খড়্গপুরে ধৃত দুই, নাকা তল্লাশি বাড়ল আসানসোলে

জিআরপি সূত্রে খবর, হলদিয়া থেকে বিশেষ ট্রেনে চেপে গাঁজা নিয়ে খড়্গপুর যাচ্ছিলেন অভিযুক্তেরা। পুলিশ বিশেষ সূত্রে জানতে পারে, দিল্লির জহাঙ্গিরপুরে মাদক নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ২১:৪৩
Share:

খড়্গপুরে উদ্ধার গাঁজা। সাংবাদিক বৈঠকে এসআরপি (খড়্গপুর) মিতুন দে। — নিজস্ব চিত্র।

আবার প্রায় ২১ কেজি গাঁজা উদ্ধার করল খড়্গপুর জিআরপি (রেল পুলিশ)। দু’জনকে গ্রেফতারও করা হয়েছে। অন্য দিকে, নাকা তল্লাশির সময়ে আসানসোল উত্তর থানার পুলিশ প্রচুর পরিমাণে মাদক, মোবাইল উদ্ধার করল। গত ২৪ ঘণ্টায় সেখান থেকে উদ্ধার হয়েছে প্রায় ১১ কেজি গাঁজা।

Advertisement

জিআরপি সূত্রে খবর, হলদিয়া থেকে বিশেষ ট্রেনে চেপে গাঁজা নিয়ে খড়্গপুর যাচ্ছিলেন অভিযুক্তেরা। পুলিশ বিশেষ সূত্রে জানতে পারে, দিল্লির জহাঙ্গিরপুরে মাদক নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। তার পরেই দু’জনকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শেখ ফাইজুল হক এবং মহম্মদ রেজাক খানকে শুক্রবার আদালতে হাজির করানো হবে। জিআরপির এসআরপি (খড়্গপুর) মিতুনকুমার দে জানান, ধৃতদের কাছ থেকে ২০ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। তাঁদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

অন্য দিকে, বিধানসভা নির্বাচনের মুখে জোরদার করা হয়েছে নাকা তল্লাশি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাকা তল্লাশি চলাকালীন রাঁচী-আসানসোল রুটের একটি বাসে জুবলি মোড় এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৬৬টি মোবাইল ফোন এবং প্রায় ১ কেজি গাঁজা। পাশাপাশি, বুধবার রাতে ঝাড়খণ্ড থেকে আসা আরও একটি বাসে অভিযান চালিয়ে উদ্ধার হয় প্রায় ১০ কেজি গাঁজা। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় প্রায় ১১ কেজি গাঁজা উদ্ধার হয়েছে।

Advertisement

তবে ঝাড়খণ্ড থেকে আসা কিছু বাস ডুবুরডিহি চেকপোস্ট দিয়ে ঢুকলেও সেগুলিতে ঠিকমতো তল্লাশি হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। আবার কিছু বাস আসানসোল শহরে না ঢুকে জুবলি সেতু পেরিয়ে সরাসরি দুর্গাপুরের দিকে চলে যাচ্ছে। সেই বাসগুলিতে কী ভাবে, কোথায় তল্লাশি হচ্ছে, তা নিয়েও উঠছে প্রশ্ন। সূত্রের খবর, এই বিষয়টি ইতিমধ্যে নির্বাচন কমিশনের নজরে এসেছে এবং আলোচনা শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement