ক্যারোলিনা মারিন। —ফাইল চিত্র।
ব্যাডমিন্টনে বিশ্বের প্রাক্তন এক নম্বর মহিলা খেলোয়াড় তথা রিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী তারকা ক্যারোলিনা মারিন অবসর নিলেন। বৃহস্পতিবার একটি ভিডিয়ো বার্তায় নিজের অবসরের কথা জানিয়েছেন তিনি।
চোটের কারণে বেশ কিছু দিন কোর্টের বাইরে থাকতে হয়েছে মারিনকে। তার পরেও নিজের শহরে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ওয়াইল্ড কার্ড হিসাবে সুযোগ পেয়েছিলেন তিনি। স্পেনের তারকা জানিয়েছেন, সেই প্রতিযোগিতায় নামবেন না।
৩২ বছরের মারিন জানিয়েছেন, লাগাতার চোটের কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর পরেও খেললে তাঁর বড় চোট লাগার ঝুঁকি থাকত। সেই কারণে ব্যাডমিন্টনকে বিদায় জানিয়েছেন তিনি। মারিন বলেন, “আজ সোজা কথা সোজা ভাবে বলতে চাই। পেশাদার ব্যাডমিন্টনে আমার যাত্রা শেষ। তাই আমি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নামব না।”
চলতি বছর জানুয়ারি মাসে চোটের কারণে ব্যাডমিন্টন থেকে অবসর নিয়েছিলেন সাইনা নেহওয়াল। বিশ্বের প্রাক্তন এক নম্বর মহিলা তারকা তথা অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী সাইনা জানিয়েছিলেন, আর টানতে পারছেন না তিনি। অনেকটা একই সুর শোনা গেল মারিনের গলায়।
মারিন জানিয়েছেন, আর একটি ফাইনাল খেলার ইচ্ছা ছিল তাঁর। স্পেনের তারকা বলেন, “আমি চেয়েছিলাম, অন্তত আর এক বার ফাইনাল খেলতে। কিন্তু সেটা করতে গেলে শরীরে চোটের ঝুঁকি বেড়ে যেত। তাই অনেক আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি।”
২০১৬ সালের অলিম্পিক্সে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে ভারতের পিভি সিন্ধুকে হারিয়েছিলেন মারিন। তিনটি বিশ্ব চ্যাম্পিয়নশিপও জিতেছেন তিনি। তা ছাড়া বেশ কয়েকটি ইউরোপিয়ান ট্রফিও রয়েছে তাঁর ক্যাবিনেটে। কিন্তু শেষ পর্যন্ত চোটকে হারাতে পারলেন না তিনি। ৩২ বছর বয়সেই ব্যাডমিন্টনকে জানালেন বিদায়।