Dilip Mondal in Puri

অবশেষে পুলিশের জালে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ! পুরী থেকে আটক করে নিয়ে আসা হচ্ছে কলকাতায়

সম্প্রতি বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগ, ওই ভিডিয়োয় অন্য দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে হুমকিমূলক মন্তব্য করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১০:৫৪
Share:

বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। — ফাইল চিত্র।

অবশেষে পুলিশের জালে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। পুরীর এক হোটেল থেকে তাঁকে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং ডায়মন্ড হারবার পুলিশের যৌথ বাহিনী। আটক করার পর তাঁকে কলকাতায় নিয়ে আসার তোড়জোড় শুরু হয়েছে।

Advertisement

সম্প্রতি বিষ্ণুপুরের বিধায়কের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে (যার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। অভিযোগ, ওই ভিডিয়োয় অন্য দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে হুমকিমূলক মন্তব্য করেছেন দিলীপ। ওই ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের হয় বিধায়কের বিরুদ্ধে।

হুমকির অভিযোগের ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। সেই তদন্তের স্বার্থেই গত ১৪ মে পৈলানে তাঁর প্রাসাদোপম বাড়িতে হানা দেওয়া হয়। কিন্তু বাড়িতে তাঁর খোঁজ মেলেনি। স্থানীয় সূত্রে খবর, পুলিশ আসার খবর পেয়েই বাড়ি ছেড়ে পালিয়ে যান। তার পর থেকেই গা-ঢাকা দিয়েছিলেন দিলীপ। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। কিন্তু তিনি কোথায় আস্তানা গেড়েছেন, তার হদিস পাওয়া যাচ্ছিল না। তবে সূত্রের খবর, দিন দুয়েক আগে রাজ্য পুলিশের এসটিএফ জানতে পারে, পুরীর ‘ব্লু লিলি’ হোটেলে রয়েছেন দিলীপ। সেই সূত্র ধরে পুরীর ওই হোটেলে হানা দেয় এসটিএফ এবং ডায়মন্ড হারবার পুলিশ। হোটেলে গিয়ে রেজিস্টার ঘেঁটে তারা জানতে পারে, দিলীপ সেখানেই রয়েছেন। তার পরেই তাঁর ঘরে হানা দিয়ে দিলীপকে আটক করে পুলিশ।

Advertisement

ইতিমধ্যেই দিলীপের পুত্র অর্ঘ্য মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে এলাকায় অশান্তি পাকানোর অভিযোগ ওঠে। গ্রেফতারির সময় তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। সেই অভিযোগের ভিত্তিতে আরও চার জনকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশের আধিকারিকেরা।

দিলীপের বিরুদ্ধে অভিযোগ দায়ের হতেই তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে আদালতে আবেদন করেন। শুধু তা-ই নয়, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআর খারিজের আর্জিও জানান। তবে তার মধ্যেই বিষ্ণুপুরের বিধায়ককে পুরীতে আটক করল পুলিশ।

উল্লেখ্য, পৈলানে দিলীপের দু’টি বাড়ি রয়েছে। দু’টি বাড়িতেই বৃহস্পতিবার হানা দিয়েছিল পুলিশ। তার মধ্যে একটি বাড়ি তৈরি হয়েছে বিশাল এলাকা জুড়ে। বাড়ি সংলগ্ন বাগানে রয়েছে সুইমিং পুল। রয়েছে দোলনাও। সাধারণত কোনও রিসর্টে যে ধরনের সাজসজ্জা দেখা যায়, এই বাড়ির অঙ্গনসজ্জাও অনেকটা তেমনই। বিভিন্ন ধরনের শৌখিন মূর্তিতে সাজানো রয়েছে বাগান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement