BJP: বাগনান ধর্ষণ-কাণ্ড নিয়ে দিল্লি ও কলকাতায় সরব বিজেপি, ধর্ষিতাদের তালিকা চাইল মহিলা কমিশন

বাংলায় বিজেপি করার অপরাধে মহিলাদের উপর নৃশংস আক্রমণের ঘটনা ঘটছে বলে দিল্লিতে অভিযোগ তুলেছেন বিজেপি সাংসদরাও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২১ ১৮:৩৬
Share:

দিল্লিতে সংসদভবন চত্বরে বিক্ষোভ দেখালেন বিজেপি সাংসদরা। নিজস্ব চিত্র

হাওড়ার বাগনানে বিজেপি কর্মীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে গত কয়েকদিন ধরেই সরব বিজেপি। বুধবার সেই অভিযোগে দিল্লিতে সংসদভবন চত্বরে বিক্ষোভ দেখালেন বিজেপি সাংসদরা। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ বিজেপি সাংসদরা গাঁধী মূর্তির সামনে পোস্টার হাতে বিক্ষোভ দেখান। অন্য দিকে, কলকাতায় বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল মহিলা কমিশনে গিয়ে স্মারকলিপি জমা দেন। অগ্নিমিত্রার অভিযোগ, ‘‘রাজ্যে বেছে বেছে যাঁরা বিজেপি করেন তাঁদের ধর্ষণ করা হচ্ছে। ধর্ষকরা তৃণমূলের সঙ্গে যুক্ত হওয়ায় ব্যবস্থা নিচ্ছে না পুলিশ।’’ মহিলা কমিশনেও এই অভিযোগ জানিয়েছেন তিনি। রাজ্য মহিলা কমিশনের চেয়ারম্যান লীনা গঙ্গোপাধ্যায় এ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘‘রাজনীতির রং দেখে না কমিশন। আমরা অগ্নমিত্রা পালের কাছে নির্যাতিতাদের তালিকা চেয়েছি। কমিশননিজের থেকে খোঁজ খবর নেবে ও প্রয়োজনীয় পদক্ষেপ করবে।’’

Advertisement

বাংলায় বিজেপি করার অপরাধে মহিলাদের উপর নৃশংস আক্রমণের ঘটনা ঘটছে বলে দিল্লিতে অভিযোগ তুলেছেন বিজেপি সাংসদরাও। দিলীপের নেতৃত্বে বুধবারের বিক্ষোভে ছিলেন ঘোষ, অর্জুন সিংহ, লকেট চট্টোপাধ্যায়, সুকান্ত মজুমদার, দেবশ্রী চৌধুরী-সহ বিজেপি সাংসদরা। দিলীপ সংবাদমাধ্যমকে বলেন, ‘‘‌বাংলায় বিধানসভা ভোটের পর ৫০ জন মহিলার উপর অত্যাচার হয়েছে। বিজেপি কর্মীদের মিথ্যে মামলা দেওয়া হচ্ছে। বাংলায় নারী নির্যাতন,অত্যাচার জলভাত হয়ে গিয়েছে। আর সেখানকার মুখ্যমন্ত্রী এখন প্রধানমন্ত্রী হতে চাইছেন।’’‌

মহিলা কমিশনে কলকাতায় বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। নিজস্ব চিত্র

অগ্নিমিত্রা বলেন,‘‘গণধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত দুই তৃণমূল নেতা কুতুবউদ্দিন মল্লিক ও দেবাশিস রানাকে এখনও গ্রেফতার করেনি পুলিশ। পরিবর্তে অন্য দু’জনকে গ্রেফতার করা হয়েছে।’’ পাশাপাশি তাঁর অভিযোগ, ‘‘নির্যাতিতা বলছেন ধর্ষণ হয়েছে, আর চিকিৎসক বলছেন হয়নি।’’ বুধবার, বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীও যান বাগনানে নির্যাতিতার বাড়িতে।

Advertisement

এ নিয়ে বিজেপি-কে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। দলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় সংবাদমাধ্যমকে বলেন, ‘‘‌বিজেপি-তে নারী পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা রয়েছেন। নারী পাচারের সঙ্গে যুক্তদের মন্ত্রীও করেছে বিজেপি। আমাদের নেতাদের ত্রিপুরায় মারা হচ্ছে। বিজেপি আগে নিজেদের দিকটা দেখুক। তারপর আমাদের নিয়ে বলবে।’’‌

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement