টুকরো খবর

মামাতো ভাইয়ের স্ত্রী বিকৃত দেহটি শনাক্ত করতে পারেননি। কল্যাণী থেকে বন্ধুর সঙ্গে উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে নির্যাতিত ও নিহত তরুণীকে শেষ পর্যন্ত শনাক্ত করলেন তাঁর ভাই। ২২ অক্টোবর বন্ধু অভিজিৎ পালের সঙ্গে দিওয়ালির ছুটিতে উত্তরাখণ্ডে বেড়াতে গিয়েছিলেন ওই তরুণী। সে-দিনটা চকরাতায় ছিলেন তাঁরা। কিন্তু পরের দিন থেকে আর খোঁজ মেলেনি দু’জনের।

Advertisement
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৪ ০২:৫২
Share:

নির্যাতিত তরুণীর দেহ শনাক্ত করলেন ভাই

Advertisement

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

মামাতো ভাইয়ের স্ত্রী বিকৃত দেহটি শনাক্ত করতে পারেননি। কল্যাণী থেকে বন্ধুর সঙ্গে উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে নির্যাতিত ও নিহত তরুণীকে শেষ পর্যন্ত শনাক্ত করলেন তাঁর ভাই। ২২ অক্টোবর বন্ধু অভিজিৎ পালের সঙ্গে দিওয়ালির ছুটিতে উত্তরাখণ্ডে বেড়াতে গিয়েছিলেন ওই তরুণী। সে-দিনটা চকরাতায় ছিলেন তাঁরা। কিন্তু পরের দিন থেকে আর খোঁজ মেলেনি দু’জনের। ৩০ অক্টোবর অভিজিতের মৃতদেহ পাওয়া যায় উত্তরকাশীর একটি পাহাড়ি খাদে। শনাক্তকরণের আগেই স্থানীয় পুলিশ তাঁর দেহ পুড়িয়ে ফেলে। তরুণীর খোঁজে নেমে পুলিশ কয়েক দিনে কয়েক জন মহিলার দেহ উদ্ধার করে ওই এলাকার বিভিন্ন জায়গায়। কিন্তু সেগুলো অভিজিতের বান্ধবীর নয়। বৃহস্পতিবারেও যুমনার চরে এক যুবতীর দেহ পাওয়া যায়। নিখোঁজ তরুণীর যে-আত্মীয়া উত্তরাখণ্ডে আছেন, তিনিও দেহটি শনাক্ত করতে পারেননি। কলকাতা থেকে শুক্রবার বিকেলে দেহরাদূনে পৌঁছে বোনের দেহ শনাক্ত করেন তাঁর ভাই। এই জোড়া খুনের ঘটনায় উত্তরাখণ্ড পুলিশ রাজু দাস নামে চকরাতার এক গাড়িচালক এবং তার তিন সঙ্গীকে গ্রেফতার করেছে। ধৃতেরা পুলিশের কাছে কবুল করেছে, ওই চার দুষ্কৃতী প্রথমে অভিজিৎ এবং তাঁর বান্ধবীর সর্বস্ব লুঠ করে। তার পরে দু’জনকে খুন করে। খুনের আগে ওই তরুণীর উপরে অত্যাচার চালানো হয়। দুষ্কৃতীরা প্রথমে সেতু থেকে তরুণীর দেহ ফেলে দেয় যমুনায়। অভিজিতের দেহ কিছুটা দূরে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয় খাদে। কয়েক দিন জলে থাকায় এবং পাথরে বারবার ধাক্কা লাগায় তরুণীর দেহ বিকৃত হয়ে গিয়েছে। ভাই সেটি ফিরিয়ে আনবেন কি না, এ দিন তা জানা যায়নি। তবে এই ঘটনায় উত্তরাখণ্ডের পুলিশ-প্রশাসন এবং সাধারণ মানুষ বড় ধাক্কা খেয়েছেন। কারণ, পর্যটন উত্তরাখণ্ডের অর্থনীতির মূল ভিত্তিই শুধু নয়। সেখানকার মানুষ ভ্রমণার্থী অতিথিদের দেবতা বলে মানেন। তাই এলাকারই কিছু দুষ্কৃতীর হাতে ওই তরুণ-তরুণীর মর্মান্তিক পরিণতি সাধারণ মানুষের মূল্যবোধে জোর আঘাত হেনেছে। ধৃত রাজুর বাবা এবং অন্য বাসিন্দারা অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেছেন।

Advertisement

বুথ-পাহারায় মহিলা জওয়ান

Advertisement

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন বুথে পাহারায় থাকবেন মহিলা সিআরপি জওয়ানরা। গত পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে রাজ্যের বেশ কিছু বুথে ঢুকে মহিলা রাজনৈতিক কর্মীরা আক্রমণ করেছেন বলে অভিযোগ উঠেছিল। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সেই সব বুথে সিআরপি পাহারায় থাকলেও তাঁরা পুরুষ হওয়ায় কোনও ব্যবস্থা নেওয়া যায়নি। কেন্দ্রীয় এই আধা সামরিক বাহিনীর হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে আইজি বিবেক সহায় জানান, আগামী বছরের মাঝামাঝি রাজারহাটে এই বাহিনী মোতায়েন হয়ে যাবে। আইনশৃঙ্খলা সামলানো, নির্বাচন এবং মাওবাদী মোকাবিলায় কাজে লাগানো হবে এই মহিলা বাহিনীকে।

রাজ্যের সেরা জেলা, জেলায় সেরা বাসন্তী

নিজস্ব প্রতিবেদন

রাজ্যের মধ্যে বিদ্যালয়ের পরিকাঠামোয় অন্যতম সেরার শিরোপা পেল দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুল। সেই সঙ্গে একই বিষয়ে জেলাস্তরের অন্যতম সেরা হল বাসন্তীর নারায়ণতলা রামকৃষ্ণ বিদ্যামন্দির। গত মঙ্গলবার দুপুরে কলকাতার টাউন হলে জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে ইউনিসেফ ও শিক্ষা দফতর আয়োজিত একটি অনুষ্ঠানে পুরস্কারগুলি দেওয়া হয়। এ দিন কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের প্রধান শিক্ষক চন্দন মাইতির হাতে যামিনী রায় পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও শিক্ষা সচিব অর্ণব রায়। অন্য দিকে নারায়ণতলা রামকৃষ্ণ বিদ্যামনদিরের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও পরিচালন সমিতির সভাপতি লোকমান মোল্লার হাতে পুরস্কার স্বরূপ পঁচিশ হাজার টাকা তুলে দেওয়া হয়। ইউনিসেফ-এর স্টেট কোঅর্ডিনেটর পলাশ সারেঙ্গী বলেন, “রাজ্যের মধ্যে ৬টি হাইস্কুলকে যামিনী রায় পুরস্কার ও ৬৩টি প্রাথমিক বিদ্যালয়কে শিশু মিত্র পুরস্কার দেওয়া হয়েছে।” জেলা শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের মধ্যে শিশু সহায়ক পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ, সৌন্দর্যায়ণ, পানীয় জল, শৌচাগার, প্রয়োজনীয় স্বাস্থ্য সচেতনতার জায়গা রয়েছেএমন স্কুলের জন্য প্রথমে জেলা স্তর থেকে সেরা মনোনীত করে রাজ্য সরকার। সেই মতো জেলার শিশু মিত্র পুরস্কার প্রাপ্ত স্কুলগুলি রাজ্য স্তরের প্রতিযোগিতা অংশ নিতে পারে। কৃষ্ণচন্দ্রপুরের প্রধান শিক্ষক চন্দনবাবু বলেন, “সততা, পরিশ্রম এবং একনিষ্ঠতা থাকলে বিদ্যালয়ের উন্নয়ন সম্ভব। স্কুলের সহকর্মী থেকে ছাত্রছাত্রী, আমরা সবাই এই পুরস্কার পেয়ে গর্বিত।” রামকৃষ্ণ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষকের গলাতেও একই তৃপ্তি, “শিক্ষাকর্মী থেকে অভিভাবক, স্থানীয় মানুষের সহযোগিতা এবং পরিচালন সমিতির সভাপতির আন্তরিক চেষ্টায় আজকের এই প্রাপ্তি।”

কাজ ফেরত আইপিএস হুমায়ুনের

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

মুর্শিদাবাদের প্রাক্তন পুলিশ সুপার হুমায়ুন কবীরকে কাজে ফিরিয়ে নিল রাজ্য সরকার। ওই জেলায় হোমগার্ড নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠার পরে তাঁকে ‘কম্পালসারি ওয়েটিং’ (পদ নেই, কাজও নেই)-এ পাঠানো হয়েছিল। শুক্রবার রাজ্যের স্বরাষ্ট্র দফতর এক নির্দেশ জারি করে হুমায়ুনকে রাজ্য পুলিশের স্পেশ্যাল স্ট্রাইকিং ফোর্স (এসএসএফ)-এর কম্যান্ড্যান্টের দায়িত্ব দিয়েছে। রাজ্য পুলিশের ডিআইজি শুভাশিস চট্টোপাধ্যায়কেও কাজে ফেরাল সরকার। তিনি উত্তরবঙ্গে রাজ্য সশস্ত্র পুলিশের ডিআইজি হয়েছেন। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকেও কম্পালসারি ওয়েটিং-এ পাঠিয়েছিল সরকার।

দম্পতিকে হাতে চায় এনআইএ

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

খাগড়াগড় কাণ্ডে ধৃত স্বামী-স্ত্রীকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ওই দম্পতি হল আব্দুল হাকিম ও তার স্ত্রী আলিমা বিবি। শুক্রবার কলকাতার নগর দায়রা আদালতের মুখ্য বিচারক ২০ নভেম্বর পর্যন্ত হাকিমকে এনআইএ হেফাজতে রাখার নির্দেশ দেন। ৫ নভেম্বর হাকিমকে এনআইএ নিজেদের হেফাজতে পেয়েছে। এ দিন আদালতে এনআইএ জানায়, হাকিমের স্ত্রী আলিমাকে ফের হেফাজতে নিয়ে জেরা করা জরুরি। বিচারক জানান, আজ, শনিবার আলিমাকে আদালতে হাজির করাতে হবে। তার পর তিনি এই ব্যাপারে কোনও নির্দেশ দেবেন।

খাদিম-কর্তা অপহরণে শাস্তি বহাল হাইকোর্টে

খাদিম-কর্তা পার্থসারথি রায়বর্মনকে অপহরণের মামলায় দোষী তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখল কলকাতা হাইকোর্ট। ওই ঘটনায় আলিপুর আদালত ২০০৯ সালে আফতাব আনসারি-সহ সাত জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছিল। দোষী আব্দুর রহমান কুঞ্জি, সওকত সাহাবুদ্দিন, ইয়াকুব আলি ওরফে আকিব এবং হ্যাপি সিংহ সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করে। পরে হ্যাপি জেলেই খুন হয়। বিচারপতি নিশীথা মাত্রে এবং বিচারপতি তাপস মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ শুক্রবার নির্দেশ দেয়, অন্য তিন জনের ক্ষেত্রে নিম্ন আদালতের নির্দেশই বহাল থাকবে। ২০০১ সালে তিলজলার কারখানায় যাওয়ার পথে অপহৃত হন পার্থবাবু। গ্রেফতার করা হয় মার্কিন তথ্যকেন্দ্রের সামনে জঙ্গি হামলার চক্রী আফতাবকে। দুবাইয়ে ধরা পড়েন পানশালার গায়িকা স্বাতী পাল এবং তাঁর বন্ধু কুঞ্জি। সিআইডি ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে আফতাব অবশ্য হাইকোর্টে যায়নি।

ক্ষিতির পরামর্শ

রাজনৈতিক ভাবেই মাওবাদীদের মোকাবিলা করা উচিত, দাবি আরএসপি-র রাজ্য সম্পাদক ক্ষিতি গোস্বামীর। শুক্রবার আরওয়াইএফের বিক্ষোভে ক্ষিতিবাবু জানান, সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ মাওবাদীদের ‘নিকেশ’ করার কথা বলেছেন। সে চেষ্টা হলে দেশের বামপন্থীরা চুপ করে বসে থাকবে না।

বিপন্ন শৈশব। পড়াশোনা দূর, কাঠের কাজে ব্যস্ত কিশোর। —নিজস্ব চিত্র।

তৃণমূলের সঙ্গে জামাতের যোগ থাকলে তা নরেন্দ্র মোদী সরকার প্রমাণ করুক।
শুক্রবার এমনই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি তথা মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরামবাগে ইদগাহ্ জুবিলি
পার্ক ময়দানে এ দিন তাঁর সঙ্গে ছিলেন হিরণ চট্টোপাধ্যায়। ছবি: মোহন দাস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement