TMC's Bank Accounts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ়’ হওয়া নিয়ে কালীঘাট তৃণমূলের দ্রুত শুনানির আর্জি খারিজ! কোর্ট বলল, মামলা এগোনো যাবে না

ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলার দ্রুত শুনানির জন্য আবেদন করেছিল কালীঘাট তৃণমূল। আর্জি খারিজ করে দিল হাই কোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানালেন, শুনানি হবে নির্ধারিত তালিকা মেনেই।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১১:০৬
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ়’ হওয়া নিয়ে কালীঘাট তৃণমূলের দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিল হাই কোর্ট। আদালত জানিয়ে দিল, বিচার্য মামলার তালিকা অনুযায়ীই শুনানি হবে। মামলা এগিয়ে এনে শুনানি সম্ভব নয় বলে মঙ্গলবার জানিয়ে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

Advertisement

তৃণমূলে ভাঙন ধরার পরে দলের তহবিল কোন পক্ষের হাতে থাকবে, তা নিয়ে জোড়াফুলের দুই শিবিরের মধ্যে সংঘাত আরও প্রকট হয়েছে। এ অবস্থায় ‘ফ্রিজ়’ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়ে দ্রুত শুনানির আর্জি জানান কালীঘাট তৃণমূলের আইনজীবী কিশোর দত্ত। জরুরি ভিত্তিতে মামলাটি শোনার জন্য হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। তবে সেই আর্জি ফিরিয়ে দেন বিচারপতি ভট্টাচার্য। তিনি বলেন, “বিচার্য মামলার তালিকা অনুযায়ীই শুনানি হবে। মামলা এগিয়ে এনে শুনানি সম্ভব নয়।”

অন্য দিকে রাজ্য সরকারের হয়ে আদালতে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। এজলাসে তুষার জানান, তিনি সোমবার মামলার নথি হাতে পেয়েছেন। এ অবস্থায় বৃহস্পতিবার মামলার শুনানি শুরু করার আর্জি জানান সলিসিটর জেনারেল।

Advertisement

তৃণমূলে ভাঙনের পরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করেছে। এই মামলায় আইনি লড়াইয়ের জন্য সিনিয়র আইনজীবী কে পরমেশ্বরকে নিয়োগ করেছে ঋতব্রত শিবির।

দলের অভ্যন্তরীণ টানাপড়েনের কথা উল্লেখ করে তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করার আবেদন জানিয়েছিলেন প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে ওই অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখতে বলেছিলেন তিনি। পরে অ্যাকাউন্ট ফ্রিজ় করার আবেদন জানিয়ে পুলিশের দ্বারস্থ হয় ঋতব্রতের শিবির। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করে। তিনটি অ্যাকাউন্টে জমা থাকা তৃণমূলের ৪৪০ কোটি টাকা আপাতত তোলা যাবে না বলে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। এর পরেই হাই কোর্টের দ্বারস্থ হল কালীঘাট শিবির।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement