সোমবার নবান্নে চার সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফাইল ছবি।
সপ্তাহের প্রথম দিন সোমবার মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি কর্মচারী সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসছেন। প্রশাসন সূত্রে খবর, সংগ্রামী যৌথ মঞ্চ ছাড়াও ওই বৈঠকে ডাক পেয়েছে কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ়, ইউনিটি ফোরাম এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদ। প্রথমে এই বৈঠক শনিবার হওয়ার কথা থাকলেও, পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রীর কর্মসূচির কথা মাথায় রেখেই বৈঠকের দিনবদল করা হয়।
মাত্র চার কর্মচারী সংগঠনকে নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক করার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছিল অন্য সংগঠনগুলি। পরে কো-অর্ডিনেশন কমিটির তরফে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বৈঠকে যোগদানের ইচ্ছেপ্রকাশ করা হয়। তবে নবান্ন সূত্রে খবর, কো-অর্ডিনেশন কমিটিকে শেষ পর্যন্ত বৈঠকে ডাকা হচ্ছে না। তবে সোমবার সন্ধ্যায় কো-অর্ডিনেশন কমিটির তরফে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে তাঁরা ডিএ সংক্রান্ত দাবিদাওয়ার কথা সংবাদমাধ্যম মারফত মুখ্যমন্ত্রীকে জানাবেন, এমনটাই জানিয়েছেন কো-অর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী।
তবে রাজ্য প্রশাসনের একটি সূত্র জানাচ্ছে, যাঁরা ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে আদালতে আইনি লড়াই করছিলেন, মূলত তাঁদের নেতৃত্বকে মুখ্যমন্ত্রী ওই বৈঠকে ডেকেছেন। কী ভাবে আইনি লড়াইকে পাশে রেখে রাজ্য সরকারি কর্মচারীদের দাবিদাওয়া দ্রুত পূরণ যায়, সেই বিষয়ে বর্তমান রাজ্য সরকার সচেষ্ট। তাই ওই দিনের বৈঠকে ডিএ এবং পে কমিশন সংক্রান্ত আলোচনা তো হবেই, সঙ্গে আইনি লড়াইকে পাশ কাটিয়ে কী ভাবে রাজ্য সরকারি কর্মচারীদের দাবিদাওয়া মিটিয়ে দেওয়া যায়, সেই বিষয়েও মুখ্যমন্ত্রী মতামত নেবেন ওই সংগঠনগুলির থেকে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘‘নির্বাচনের আগে বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক দল যে সমস্ত প্রতিশ্রুতি পূরণের ঘোষণা করেছিলেন, সেই সব প্রতিশ্রুতি পূরণের কথাই আমরা বলব। সঙ্গে সরকারি শূন্যপদে নিয়োগের বিষয়টিও আমরা আলোচনায় আনব। পাশাপাশি ২০১৬ সালের এসএসসি পরীক্ষা প্রসঙ্গও মুখ্যমন্ত্রীর নজরে আনার চেষ্টা থাকবে আমাদের।’’
ইতিমধ্যে রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার। অর্থ দফতর সূত্রে খবর, শুক্রবার থেকেই বকেয়া ডিএ-র টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। ২০০৮ সালের এপ্রিল মাস থেকে ২০১৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত সরকারি কর্মচারীদের ডিএ বাবদ যে টাকা বকেয়া রয়েছে, আপাতত তা দেওয়া হচ্ছে। তবে যাঁরা কর্মরত, তাঁরা এখনই টাকা পাচ্ছেন না।