স্টুডিও-দাদার স্বরূপ চিনে সক্রিয় মুখ্যমন্ত্রী

শুরু হয়েছিল বিধাননগরের এক দাপুটে কাউন্সিলরের গ্রেফতার দিয়ে। ইঙ্গিত ছিল, সেখানেই শেষ নয়! এ বার হুঁশিয়ারি পৌঁছল সরাসরি এক প্রভাবশালী মন্ত্রীর ঘরে। দ্বিতীয় ইনিংসে রাজধর্ম পালনে মমতা বন্দ্যোপাধ্যায় যে কঠোর অবস্থান নিয়েই চলবেন, এ বার বুঝে গেল টালিগঞ্জের স্টুডিও পাড়াও।

Advertisement

দেবারতি সিংহচৌধুরী

শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৬ ০৩:৫৮
Share:

শুরু হয়েছিল বিধাননগরের এক দাপুটে কাউন্সিলরের গ্রেফতার দিয়ে। ইঙ্গিত ছিল, সেখানেই শেষ নয়! এ বার হুঁশিয়ারি পৌঁছল সরাসরি এক প্রভাবশালী মন্ত্রীর ঘরে। দ্বিতীয় ইনিংসে রাজধর্ম পালনে মমতা বন্দ্যোপাধ্যায় যে কঠোর অবস্থান নিয়েই চলবেন, এ বার বুঝে গেল টালিগঞ্জের স্টুডিও পাড়াও।

Advertisement

টালিগঞ্জের টেকনিশিয়ান্স স্টুডিওতে কলাকুশলীদের ওভারটাইম না পাওয়া নিয়ে সমস্যার জেরে বন্ধ হয়ে গিয়েছিল টেলি সিরিয়ালের শ্যুটিং। সংঘাত বেধেছিল কলাকুশলীদের সংগঠন ‘ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স’-এর সঙ্গে প্রয়োজকদের একাংশের। জট কাটাতে হস্তক্ষেপ করতে হয় সেই মুখ্যমন্ত্রীকেই। তখনই কলাকুশলীদের ওই সংগঠনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে সতর্ক করা হয় বলে তৃণমূল সূত্রের খবর। স্বরূপ দক্ষিণ কলকাতার যুব তৃণমূল সভাপতি। এবং তাঁর আরও বড় পরিচয়, তিনি পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাসের প্রভাবশালী ভাই। দার্জিলিং সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গেই আছেন দলের তরফে ওই জেলার ভারপ্রাপ্ত নেতা অরূপ। শাসক দলের শীর্ষ সূত্রের খবর, তাঁকেই মুখ্যমন্ত্রী নির্দেশ দেন স্টুডিও পাড়ার সমস্যা মিটিয়ে দেওয়া এবং সেই সূত্রে স্বরূপকে বাড়াবাড়ি বন্ধ করার জন্য।

স্বরূপ অবশ্য বৃহস্পতিবার এ ব্যাপারে প্রশ্নের জবাবে পাল্টা বলেছেন, ‘‘আমার বিরুদ্ধে কেউ অভিযোগ করেছেন নাকি! কারও নাম বলতে পারবেন? অভিযোগই যখন নেই, তখন আবার আমায় সতর্ক করবে কেন? সবই আপনাদের মনগড়া!’’ মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী অরূপের মোবাইল বন্ধ থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি। তৃণমূলের শীর্ষ নেতারাও কেউ প্রকাশ্যে মুখ খুলতে চাননি। তবে দলের প্রথম সারির এক নেতা ঘরোয়া আলাপচারিতায় বলেছেন, ‘‘টলিউডের সঙ্গে মুখ্যমন্ত্রীর সরাসরি যোগাযোগ আছে। বিষয়টি তিনি নিজেই দেখেছেন এবং যেখানে যা বলার, বলেছেন।’’

Advertisement

স্টুডিওতে সাময়িক কর্মবিরতির মধ্যেই ব্যাপারটা সীমাবদ্ধ নয় অবশ্যই। স্বরূপকে সন্তুষ্ট না রাখলে স্টু়ডিও পাড়ায় কলাকুশলীর কাজ পাওয়া যায় না এবং সে কাজ ধরে রাখতেও ‘কর্তব্য পালন’ করতে হয়, এমন অভিযোগ দীর্ঘ দিনের। স্বরূপের স্ত্রী জুঁই বিশ্বাস নিউ আলিপুরের ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। মন্ত্রী এবং কাউন্সিলর এক পরিবারে থাকার সুবাদে ওই এলাকার যে কোনও বাড়ি তৈরি, সম্প্রসারণ বা মেরামতির কাজেও জায়গামতো ‘নজরানা’ পৌঁছে দিতে হয় বলে স্থানীয় স্তরে বিস্তর অভিযোগ আছে। শাসক দলের এক শীর্ষ নেতাই ঘনিষ্ঠ মহলে বলেন, ‘‘স্বরূপের কারবারের কথা কে না জানে! টেকনিশিয়ানদের থেকেও নিয়মিত টাকা তোলা হয় বলে অভিযোগ। টালিগঞ্জ এলাকায় স্বরূপদের দাদাগিরি নিয়ে প্রাক্তন বিরোধী দলনেতা পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ও ভূরি ভূরি অভিযোগ করেছেন ইতিমধ্যে।’’ শেষ পর্যন্ত টেকনিশিয়ান্স স্টুডিওর গোলমালকে উপলক্ষ করে মুখ্যমন্ত্রী স্বরূপদের দাদাগিরির রাশ টানার বার্তা দিয়েছেন বলে শাসক দল সূত্রের বক্তব্য।

আম নাগরিক তো বটেই, স্বরূপের রোষের ভুক্তভোগী শাসক দলেও আছেন! স্বরূপের দাপটের এলাকার কিছুটা অংশ রাসবিহারী বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে, যেখানকার বিধায়ক এখন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি যখন সরকারি মুখ্য সচেতক, সেই সময়ে শোভনদেবের এলাকার দলীয় দফতর ভাঙচুর করে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল স্বরূপের বিরুদ্ধে। সে বার মমতার নির্দেশেই শোভনদেবের বাড়িতে গিয়ে কার্যালয়ের চাবি ফেরত দিয়ে এসেছিলেন স্বরূপ। এ বার স্টুডিও পাড়ার সঙ্কটমোচনে হস্তক্ষেপ করতে হয়েছে সেই মুখ্যমন্ত্রীকেই।

Advertisement

স্বরূপের অধীনে থাকা ফেডারেশনের জুলুমবাজিতে এর আগেও শ্যুটিং বন্ধের অভিযোগ উঠেছিল। ফেডারেশনই সিন্ডিকেটের আদলে কলাকুশলী ঠিক করে দেয় বলে অনেক সময়েই প্রযোজকেরা অভিযোগ করেছেন। কিছু দিন আগেই অভিনেত্রী ও বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় টেকনিশিয়ান্স স্টুডিওতে স্বরূপের দাদাগিরির বিরুদ্ধে মুখ খুলেছিলেন। সেই স্বরূপকে মুখ্যমন্ত্রী সতর্ক করেছেন শুনে রূপার প্রতিক্রিয়া, ‘‘এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারপ্ল্যান। প্রথম দফায় সবাইকে বাড়তে দাও। দ্বিতীয় দফায় যাঁদের সাহায্যে জিতে আসা, আস্তে আস্তে তাঁদেরই ডানা ছাঁটো! এটা তাঁর জনপ্রিয় হওয়ার কৌশল।’’

আর বিরোধী দলনেতা আব্দুল মান্নানের মন্তব্য, ‘‘মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতে কাজ হবে কি না, জানি না। তবে রকমসকম দেখে সেই লাইনটা মনে পড়ছে— অরূপ স্বরূপ, স্বগুণ-নির্গুণ, দয়াল-ভয়াল...!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement