হাসপাতালে ভর্তি ডাক্তার, ছুটি নিয়ে ফেসবুক-নাটক

চাপান-উতোরে তোলপাড় চলছে দক্ষিণ ২৪ পরগনার জেলা স্বাস্থ্য দফতরের অন্দরে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৯ ০৩:৩৪
Share:

প্রতীকী ছবি।

বেসরকারি হাসপাতাল বলছে, তলপেটে ব্যথা নিয়ে তাদের প্রতিষ্ঠানে ভর্তি আছেন এক মহিলা সরকারি চিকিৎসক। অসুস্থতার জন্য সেই চিকিৎসকের ছুটি চাওয়া নিয়ে বেধেছে ঘোর বিতর্ক। ব্লক স্বাস্থ্য আধিকারিক ছুটি মঞ্জুর করতে অস্বীকার করেছেন বলে অভিযোগ। বিষয়টিকে ঘিরে বুধবার থেকে নাটকীয় চাপান-উতোরে তোলপাড় চলছে দক্ষিণ ২৪ পরগনার জেলা স্বাস্থ্য দফতরের অন্দরে।

Advertisement

ভাঙড়-২ ব্লকের জিরানগাছা প্রাথমিক ব্লক স্বাস্থ্যকেন্দ্রের এই বিতর্কে চিকিৎসক রূপা মজুমদার এবং ব্লক স্বাস্থ্য আধিকারিক আমিনা মরিয়মের ঘনিষ্ঠেরা রবিবার ঘটনাক্রমের যে-বিবরণ দিয়েছেন, তা বেশ নাটকীয়। রূপাদেবীর ঘনিষ্ঠদের দাবি, তলপেটে ব্যথা হওয়ায় বুধবার এসএসকেএম হাসপাতালের এক চিকিৎসকের কাছে যান ওই মহিলা ডাক্তার। সেখান থেকেই বিএমওএইচ মরিয়মকে ফোন করে অসুস্থতার জন্য বৃহস্পতিবার ছুটি চান। জিরানগাছার ৩০ শয্যার স্বাস্থ্যকেন্দ্রে তিন জন চিকিৎসক আছেন। অন্য এক চিকিৎসকের সঙ্গে রূপাদেবীকে ডিউটি বদলে নিতে বলেন বিএমওএইচ। কিন্তু যাঁর সঙ্গে ডিউটি বদলানোর কথা, তিনিও অসুস্থ বলে জানানো হলে বিএমওএইচ জানান, এ-সব নিয়ে তাঁকে যেন বিরক্ত করা না-হয়।

ঘনিষ্ঠদের বক্তব্য, বৃহস্পতিবার অসুস্থতা নিয়েই রূপাদেবী স্বাস্থ্যকেন্দ্রে যান। বারবার বমি করার পরে তিনি নার্সদের স্যালাইন দিতে বলেন। হাতে স্যালাইনের সুচ বেঁধানো অবস্থাতেই তিনি রোগী দেখতে থাকেন। সেই ছবি মোবাইলের ক্যামেরায় তুলে রাখা হয়। রাতে ফেসবুকে সেই ছবিটি পোস্ট করে দেন রূপাদেবী। রোগীদের উপস্থিতিতেই মোবাইলে রূপাদেবীর সঙ্গে মরিয়মের কথা কাটাকাটি হয়। সন্ধ্যায় অ্যাম্বুল্যান্সে রূপাদেবীকে পাঠিয়ে দেওয়া হয় তাঁর সল্টলেকের বাড়িতে। শুক্রবার রাতে তিনি ভর্তি হন একটি বেসরকারি হাসপাতালে। রবিবারেও সেখানেই আছেন। রূপা-ঘনিষ্ঠদের বক্তব্য, তিনি যে অসুস্থ, বিএমওএইচ তা মানতে চাননি। রূপাদেবী যে বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন, তার প্রমাণ স্বাস্থ্যকেন্দ্রের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করলে মুহূর্তের মধ্যে গ্রুপ অ্যাডমিন হিসেবে মরিয়মই তাঁকে ‘রিমুভড’ করেন বা সরিয়ে দেন। ফেসবুকে চিকিৎসকের পোস্ট করা ছবি কে তুলেছে, সেই বিষয়ে ব্লক স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের কৈফিয়ত তলব করেন বিএমওএইচ। তার পরে রূপাদেবীকে একটি চিঠি পাঠিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রূপাদেবী কাজের জায়গায় অনুপস্থিত ছিলেন। গরহাজিরার উপযুক্ত কারণ দেখিয়ে তিনি নথি পেশ করেননি। আজ, সোমবারের মধ্যে নথি জমা না-দিলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

মরিয়মের বক্তব্য, এক মেডিক্যাল অফিসার বদলি হওয়ার পরেই ডিউটি দেওয়ার ব্যাপারে টালবাহানা করছেন রূপাদেবী। ঘনিষ্ঠ মহলে মরিয়মের দাবি, আউটডোর শেষ হওয়ার পরে বেলা ১টা নাগাদ স্বাস্থ্যকেন্দ্রে ঢুকেই রূপাদেবী এক নার্সকে বলেন, এখনই তাঁকে স্যালাইন দেওয়া হোক। নিছক প্রচার পাওয়ার জন্য ওই চিকিৎসক এটা করেছেন। রূপাদেবীর অসুস্থতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক। তাঁর প্রশ্ন, উনি যদি এতই অসুস্থ হবেন, তা হলে এক দিন পরে হাসপাতালে ভর্তি হলেন কেন?

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সোমনাথ মুখোপাধ্যায় বলেন, ‘‘অসুস্থতার জন্য ছুটি দিতে কোনও আপত্তি নেই। তবে তার একটা পদ্ধতি আছে। ওই মহিলা চিকিৎসক তা না-করে ফেসবুকে যে-ভাবে ছবি পোস্ট করেছেন, তা সমর্থনযোগ্য নয়। এতে চিকিৎসকদের সম্পর্কে জনমানসে ভুল বার্তা যায়।’’ রূপা-ঘনিষ্ঠদের দাবি, ওই মহিলা চিকিৎসককে বাড়ি পাঠানো হয়েছিল স্বাস্থ্যকেন্দ্রেরই অ্যাম্বুল্যান্সে। তা হলে অনুপস্থিতির প্রশ্ন আসছে কোথা থেকে? কী অবস্থায় তাঁকে কাজ করতে হয়েছে, সেটা জানাতেই তাঁকে ফেসবুকে ছবি পোস্ট করতে হয়েছে।

ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের সম্পাদক চিকিৎসক কৌশিক চাকি বলেন, ‘‘অসুস্থতার মধ্যেও ওই মহিলা চিকিৎসক যে-ভাবে রোগী দেখেছেন, তা প্রশংসনীয়। সেই কাজের প্রশংসা না-করে তাঁকে যে-ভাবে চিঠি ধরানো হয়েছে, সেটা নিন্দনীয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement