West Bengal Police Reshuffle

কোচবিহারের প্রাক্তন এসপি দ্যুতিমান ভট্টাচার্যকে করা হল ব্যারাকপুরের ডিসি

ভোটের মুখে রাজ্য পুলিশে বড়সড় রদবদল করেছে নবান্ন। কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যকে ব্যারাকপুরের ডিসি করে পাঠানো হয়েছে। নতুন এসপি পেয়েছে পূর্ব মেদিনীপুরও।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৩
Share:

কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। —ফাইল চিত্র।

ভোটের মুখে রাজ্য পুলিশে ফের রদবদল। প্রায় তিন মাস পরে পুলিশ সুপার পেল পূর্ব মেদিনীপুর। পাশাপাশি, নতুন দায়িত্ব দেওয়া হল কোচবিহারের প্রাক্তন এসপি দ্যুতিমান ভট্টাচার্যকেও।

Advertisement

গত ২৭ নভেম্বর রাজ্য পুলিশে রদবদল করা হয়েছিল। বদল করা হয়েছিল ১০ পুলিশ সুপারকে। এর আগে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ছিলেন সৌম্যদীপ ভট্টাচার্য। তাঁকে বাঁকুড়ার এসপি করে পাঠানো হয়। তখন থেকেই পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের পদটি খালি ছিল। দক্ষিণ ২৪ পরগনা থেকে মিতুন দে-কে পূর্ব মেদিনীপুরে পাঠানো হয়েছিল অ্যাডিশনাল এসপি হিসাবে। এত দিন তিনিই ভারপ্রাপ্ত পুলিশ সুপার হিসাবে কাজ করছিলেন। এ বার ভোটের আগে পূর্ব মেদিনীপুরের এসপি করে পাঠানো হল পারিজাত বিশ্বাসকে। তিনি এত দিন পুরুলিয়ার ১১ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট ছিলেন। মিতুনকে বদলি করে খড়্গপুরে পাঠানো হয়েছে।

কোচবিহারের এসপি ছিলেন দ্যুতিমান। সেখান থেকে তাঁকে পাঠানো হয়েছিল ৩ নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট হিসাবে। এ বার তাঁকে ব্যারাকপুরের ডিসি (দক্ষিণ) করা হয়েছে।

Advertisement

রাজ্য পুলিশে মোট ২৩টি রদবদলের বিজ্ঞপ্তি বুধবার জারি করা হয়েছে। হাওড়ার ডিসি (ট্রাফিক) থেকে অসীম খানকে সরিয়ে পাঠানো হয়েছে ব্যারাকপুরের ডিসি (উত্তর) করে। ব্যারাকপুরের ডিসি (উত্তর) থেকে গণেশ বিশ্বাসকে পাঠানো হয়েছে হাওড়ার ডিসি (দক্ষিণ) করে। হাওড়ার ডিসি (দক্ষিণ) থেকে সুরিন্দর সিংহকে তিন নম্বর ব্যাটেলিয়নের কমান্ডার করে পাঠানো হয়েছে। অনুপম সিংহ ব্যারাকপুরের ডিসি (দক্ষিণ) ছিলেন। তাঁকে হাওড়ার ডিসি (ট্রাফিক) করা হয়েছে। ব্যারাকপুরের ডিসি (এসবি) ছিলেন জয় টুডু। তিনি হোম গার্ড অর্গানাইজ়েশনের সিনিয়র স্টাফ অফিসারের দায়িত্ব পেয়েছেন। এই পদে এত দিন ছিলেন পাপিয়া সুলতানা। তাঁকে ব্যারাকপুরের ডিসি (এসবি) করা হয়েছে।

দার্জিলিঙের গোর্খা ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট করা হয়েছে অংশুমান সাহাকে। পশ্চিম মেদিনীপুরের অ্যাডিশনাল এসপি (ট্রাফিক) ছিলেন মনোরঞ্জন ঘোষ। তাঁকে বিধাননগর পুলিশ কমিশনারেটের অ্যাডিশনাল ডিসি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের অ্যাডিশনাল এসপি (ট্রাফিক) করে পাঠানো হয়েছে আসানসোল দুর্গাপুরের দায়িত্বে থাকা সুব্রত দেবকে। কোচবিহারের অ্যাডিশনাল এসপি হলেন কুন্তল বন্দ্যোপাধ্যায়। রানাঘাটের অ্যাডিশনাল এসপি হলেন কৃষ্ণগোপাল মীনা। মুর্শিদাবাদের অ্যাডিশনাল এসপি (ট্রাফিক) করা হয়েছে সুমন্ত কবিরাজকে। এ ছাড়া, নতুন দায়িত্ব পেয়েছেন জলপাইগুড়ি (গ্রামীণ)-এর অ্যাডিশনাল এসপি উত্তম ঘোষ, কৃষ্ণনগরের (গ্রামীণ) অ্যাডিশনাল এসপি সুরজিৎ কুমার দে, রায়গঞ্জের অ্যাডিশনাল এসপি সমীর আহমেদ, পূর্ব বর্ধমানের অ্যাডিশনাল এসপি (ট্রাফিক) লাল্টু হালদার, খড়্গপুরের অ্যাডিশনাল এসআরপি মিতুনকুমার দে, বনগাঁর এসডিপিও অভিষেক যাদব এবং পূর্ব বর্ধমানের এসডিপিও (কালনা) দেশমুখ রোশন প্রদীপ।

Advertisement

ভোটের আগে ডিএসপি এবং ইনস্পেক্টর স্তরেও রদবদল করেছে নবান্ন। ডিএসপি স্তরের ২৯ জন আধিকারিককে বিভিন্ন পদে বদলি করা হয়েছে। দায়িত্ব বদলেছে ৩০৭ জন ইনস্পেক্টরেরও।

(এই প্রতিবেদনটি প্রথম প্রকাশের সময় খবরের শিরোনামে আইপিএস দ্যুতিমান ভট্টাচার্যের নামের সঙ্গে পুরনো একটি বিতর্কের প্রসঙ্গের অবতারণা করা হয়েছিল। যা তাঁর সাম্প্রতিক বদলির সঙ্গে একেবারেই অপ্রাসঙ্গিক। আমরা খবরের শিরোনামটি বদলে দিয়েছি। কিন্তু তবুও আগের শিরোনামে অনুচিত ত্রুটির জন্য আমরা দ‍্যুতিমান এবং তাঁর পরিচিতদের কাছে আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement