Bangladesh BNP Government

হাসিনার মৃত্যুদণ্ডের জন্য ট্রাইবুনালে প্রথম সওয়াল করেন, সেই চিফ প্রসিকিউটরকে সরিয়ে দিলেন তারেক!

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে মামলাগুলির বিচার করে। তারাই দেয় মৃত্যুদণ্ড। ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর ছিলেন তাজুল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৬
Share:

(বাঁ দিকে) বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান (ডান দিকে)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্যপ্রাক্তন চিফ প্রসিকিউটর মহম্মদ তাজুল ইসলাম (ইনসেটে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর মহম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সে দেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রক থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানানো হয়েছে। তাজুলের জায়গায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর পদে আনা হয়েছে আইনজীবী মহম্মদ আমিনুল ইসলামকে।

Advertisement

বাংলাদেশের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলাগুলির বিচারের দায়িত্বে ছিল। তারাই হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। ২০২৪ সালের ৫ অগস্ট হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে এসেছিলেন। ৮ অগস্ট দায়িত্ব নিয়েছিল মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ওই বছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর পদে তাজুলকে নিয়োগ করেছিলেন ইউনূস। সোমবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদ থেকে তাজুলের নিয়োগ বাতিল করা হল। পরবর্তী নির্দেশ না-আসা পর্যন্ত ওই পদে থাকবেন আমিনুল। তিনি অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদা, বেতন এবং অন্যান্য সুযোগসুবিধা পাবেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন যে সমস্ত জামাত নেতা, তাঁদের পক্ষে মামলা লড়েছিলেন এই তাজুল। তাঁদের পক্ষে আদালতে তিনি সওয়াল করেছেন। আবার, তাঁর সূচনা বক্তব্যের মাধ্যমেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাসিনার বিরুদ্ধে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। তিনি এ বিষয়ে সরকারের পক্ষ থেকে ট্রাইবুনালে প্রথম সওয়াল করেছিলেন। কেন তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল, স্পষ্ট নয়। তাজুল নিজেও এ বিষয়ে মুখ খুলতে চাননি।

Advertisement

বাংলাদেশের ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিএনপি। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন তারেক। তার পর প্রশাসনে একাধিক রদবদল করেছেন। ভারত থেকে হাসিনার প্রত্যর্পণ এবং বাংলাদেশে আওয়ামী লীগের প্রতি তাঁর সরকার কী নীতি নেয়, তা নিয়ে কৌতূহল রয়েছে। এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একাধিক বার হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতকে চিঠি দিয়েছে। কিন্তু নয়াদিল্লি এখনও কোনও জবাব দেয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement