SSC Recruitment Case

এসএসসি নিয়োগ দুর্নীতিতে প্রসন্নের গাড়ি উদ্ধারের দাবি

পার্থের প্রায় ১৫ পাতার বয়ান লিপিবদ্ধ করা হয়েছে। প্রসন্ন পার্থ চট্টোপাধ্যায়ের অন্যতম মিড্ল‌ম্যান বলে তদন্তে উঠে এসেছে। এর আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় প্রসন্ন, তাঁর পরিজন এবং ঘনিষ্ঠদের নামে থাকা প্রায় ২০০ কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ০৭:৫৩
Share:

প্রসন্নকুমার রায়। —ফাইল চিত্র।

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) মামলায় জেল হেফাজতে থাকা নিয়োগ দুর্নীতির অন্যতম মিড্ল‌ম্যান প্রসন্ন রায়ের দু’টি অফিসে তল্লাশি চালিয়ে আটটি বিদেশি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।প্রসঙ্গত, ওই মামলায় অন্যতম অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে শনিবার তাঁর নাকতলার বাড়িতে গিয়ে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছেন ইডির তদন্তকারীরা। এর পরেই প্রসন্নের অফিসে হানা দিয়ে ওই সব গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর।

ইডি সূত্রের দাবি, ওই মামলায় পার্থের প্রায় ১৫ পাতার বয়ান লিপিবদ্ধ করা হয়েছে। প্রসন্ন পার্থ চট্টোপাধ্যায়ের অন্যতম মিড্ল‌ম্যান বলে তদন্তে উঠে এসেছে। এর আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় প্রসন্ন, তাঁর পরিজন এবং ঘনিষ্ঠদের নামে থাকা প্রায় ২০০ কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। এ বার এসএসসি-র নিয়োগ দুর্নীতির মামলায় প্রায় ২০ কোটি টাকার বিদেশি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে দাবি।

ইডির দাবি, নিয়োগ দুর্নীতিতে পার্থর ঘনিষ্ঠ হওয়ার সুবাদে প্রসন্ন প্রায় সমান্তরাল একটি নিয়োগ প্রক্রিয়া চালু করেছিলেন। অযোগ্য প্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে তিনি বাঁকা পথে চাকরির ব্যবস্থা করতেন বলে দাবি তদন্তকারীদের। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় বিকাশ ভবনের পাশাপাশি রাজারহাট নিউ টাউনে প্রসন্ন নিজের একটি অফিস তৈরি করেছিলেন বলেও দাবি তদন্তকারীদের। ওই অফিসে তিনি পছন্দমত কর্মী নিয়োগ করতেন বলেও সাম্প্রতিক তদন্তে উঠে এসেছে।

পার্থের বয়ানের ভিত্তিতে জেল হেফাজতে থাকা প্রসন্নকে ফের এসএসসি-র মামলায় জেরা করা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। ওই বিষয়ে শীঘ্রই বিচার ভবনের সিবিআই বিশেষ আদালতে আইনি প্রক্রিয়া শুরু করা হবে বলে সূত্রের দাবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন