আর রাজাগোপাল। ফাইল চিত্র।
দ্য টেলিগ্রাফ-এর প্রাক্তন সম্পাদক আর রাজাগোপালের নাগরিকত্ব ও পাসপোর্টের পুনর্নবীকরণ নিয়ে কর্তৃপক্ষ যে আচরণ করছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে এডিটর্স গিল্ড অব ইন্ডিয়া। এই মর্মে রবিবার একটি বিবৃতি জারি করেছে তারা।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতে কে নাগরিক আর কে নন, তা নির্ধারণের ক্ষমতা যে আমলাতন্ত্রের হাতে, তাদের এই আচরণের নিন্দাকরছে গিল্ড। দীর্ঘ কয়েক দশক জনপরিসরে সাংবাদিক ও সম্পাদক হিসেবে কাজ করার পরে আজ রাজাগোপাল শুধু ভোটাধিকার থেকেই বঞ্চিত নন, গত ১০০ দিনেরও বেশি সময় ধরে তিনি নিজের পাসপোর্টও পুনর্নবীকরণ করাতে পারছেন না। কারণ, কলকাতা পুলিশের একটি তথাকথিত ‘নেতিবাচক রিপোর্ট’। অথচ শহরের অন্যতম প্রধান সংবাদপত্রের সম্পাদক হিসেবে রাজাগোপালের সঙ্গে ওই পুলিশ কর্তাদের পরিচিত থাকারই কথা। তাই অনুমান করা যায়, ভোটার তালিকায় রাজাগোপালের নাম না থাকাকেই পুলিশ নেতিবাচক রিপোর্টেরভিত্তি করেছে।’
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর সময়ে তালিকা থেকে রাজাগোপালের নাম বাদ যাওয়ার নিন্দা করে এই বিবৃতিতে বলা হয়েছে, ‘রাজাগোপালের এই দুর্দশা দেখিয়ে দিচ্ছে, এসআইআর প্রক্রিয়ার জন্য কোটি কোটি ভারতীয় কী ধরনের ভোগান্তির মধ্যে পড়েছেন। যদি রাজাগোপালের মতো এক জন পরিচিত ব্যক্তিও এমন পরিস্থিতির শিকার হতে পারেন, তা হলে যাঁরা আমলাতন্ত্রের এক কলমের খোঁচায় ভোটাধিকার হারিয়েছেন এবং নিজেদের কথা তুলে ধরার জন্য কোনও মঞ্চ বা ক্ষমতা নেই, তাঁদের পরিণতি সহজেই অনুমেয়।’
এডিটর্স গিল্ড অব ইন্ডিয়া নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন সাধারণ বোধবুদ্ধি, মানবিকতা ও সহানুভূতির পরিচয় দিয়ে অবিলম্বে রাজাগোপালের ভোটার পরিচয় পুনর্বহাল করে। একই সঙ্গে, একই ধরনের পরিস্থিতির শিকার হওয়া অন্য সকলের ক্ষেত্রেও একই রকম সহানুভূতিশীল ও ন্যায্য পদক্ষেপ করার দাবি জানিয়েছে তারা।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে