গর্গ চট্টোপাধ্যায়। — ফাইল চিত্র।
জামিন পেলেন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়। শুক্রবার কলকাতার সিজেএম আদালত তাঁর অন্তর্বর্তিকালীন জামিন মঞ্জুর করেছে। ২০০০ টাকার বন্ডে তাঁর মঞ্জুর করল আদালত। দিন দশেক আগে কলকাতা পুলিশের সাইবার সেলের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি।
বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক মন্তব্য এবং ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছিল গর্গের বিরুদ্ধে। নির্বাচনী আবহে বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা প্রশ্ন তুলেছিলেন, রাতে দেখেশুনে সিল করে রাখার পরেও ভোটগণনার সময় কেন ইভিএম খারাপ হচ্ছে? ভোট দিয়ে বার হওয়ার আগে ভাল করে ভিভিপ্যাট দেখে নিতেও পরামর্শ দিয়েছিলেন ‘বাংলা পক্ষ’-এর প্রতিষ্ঠাতা। তা ছাড়া নির্বাচনের আগে কমিশনের বিরুদ্ধে শোভাযাত্রায় অনুমতি না-দেওয়ার অভিযোগ তোলে ‘বাংলা পক্ষ’।
তদন্তকারীরা দাবি করেছিলেন, নির্বাচন চলাকালীন গর্গের ইভিএম সংক্রান্ত মন্তব্য আদর্শ আচরণবিধি এবং সাইবার আইন লঙ্ঘনের শামিল। গর্গের সমাজমাধ্যমের পোস্ট নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে ময়দান থানায় অভিযোগ দায়ের হয়েছিল। সেখান থেকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ যায়। নির্বাচন মিটে যাওয়ার পরে গত ১২ মে পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল। গ্রেফতারির ১০ দিনের মাথায় তাঁর জামিন মঞ্জুর করল আদালত।