West Bengal Weather Update

সাগরে আবার ঘনাচ্ছে নিম্নচাপ অঞ্চল! কলকাতা-সহ গোটা দক্ষিণে দুর্যোগের সতর্কতা, বর্ষণ উত্তরেও

হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে মঙ্গলবার নাগাদ তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৫ ১৯:০৬
Share:

দক্ষিণে আবার ঝড়বৃষ্টির সম্ভাবনা। উত্তরের কয়েক জেলাতেও হতে পারে ভারী বৃষ্টি। — ফাইল চিত্র।

সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বিরতি দিয়েছিল বৃষ্টি। কিন্তু সোমবার থেকে আবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। সে কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপরে আবার তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবে সোমবার থেকে দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও চলবে ঝড়বৃষ্টি। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর রবিবার বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা এখন এ রাজ্যের উপরে নেই। পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে মঙ্গলবার নাগাদ তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবেই দক্ষিণবঙ্গে আবার ঝড়বৃষ্টি শুরু হতে পারে সোমবার থেকে।

কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় সোমবার থেকে বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে দক্ষিণের জেলাগুলিতে।

Advertisement

উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও থামছে না। সোমবার কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই চার জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গের আট জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত উত্তরের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement