Liluah Birthday Party

জন্মদিনে কেক কাটার সময় অশান্তি, লাথি-ঘুষি, তরোয়াল নিয়ে রাস্তায়! লিলুয়ায় গেল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

লিলুয়ার দাগার বাগান এলাকায় একে অন্যকে কটূক্তি এবং অশ্লীল মন্তব্যকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। রাস্তায় মারামারি এমনকি, অস্ত্র হাতে দাপাদাপি করতে যায় কয়েক জনকে

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ০০:০৫
Share:

লিলুয়ায় দুই পক্ষের সংঘর্ষে উত্তেজনা। —নিজস্ব ছবি।

বন্ধুর জন্মদিন উপলক্ষে আনন্দ করছিলেন কয়েক জন। কেক কাটা হচ্ছিল। ঠিক সেই সময় আর এক পক্ষের কটূক্তিকে কেন্দ্র করে অচিরে উত্তপ্ত হল এলাকা। মারামারি, সংঘর্ষে জখম হলেন বেশ কয়েক জন। অস্ত্র হাতে দাপাদাপির খবর পেয়ে এলাকায় গেল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়ায়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, গন্ডগোলের সূত্রপাত তুচ্ছ কারণে। লিলুয়ার দাগার বাগান এলাকায় একে অন্যকে কটূক্তি এবং অশ্লীল মন্তব্যকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। রাস্তার মধ্যে মারামারি এমনকি, অস্ত্র হাতে দাপাদাপি করতে যায় কয়েক জনকে। রক্তাক্ত হন কয়েক জন। মহিলাদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায় (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তাতে দেখা গিয়েছে, তরোয়াল নিয়ে রাস্তায় ঘুরছেন এক যুবক। মারামারিও চোখে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। সেখান থেকে তিন জনকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, পুরনো শত্রুতার জেরে এই অশান্তি। নামপ্রকাশে অনিচ্ছুক এক পুলিশকর্তা বলেন, ‘‘ওই এলাকায় একটি জন্মদিনের অনুষ্ঠান চলছিল। কেক কাটার সময় অন্য গোষ্ঠী অশান্তি করে বলে অভিযোগ। দু’টি গোষ্ঠীর মধ্যে অশান্তিতে বেশ কয়েক জন জখম হয়েছেন। তিন জনকে আমরা আট করেছি। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।’’

Advertisement

ওই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিক ভাবে আতঙ্কিত এলাকাবাসী। তাঁরা নিরাপত্তার দাবি তুলেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement