FIFA World Cup 2026

৫ উদীয়মান তারকা: ইয়ামাল থেকে পাজ়, মেসি-রোনাল্ডোকে টপকে বিশ্বকাপে নজর কাড়তে পারেন যাঁরা

প্রতি বার বিশ্বকাপে তারকা হয়ে ওঠেন কিছু ফুটবলার। এ বারও সেই সম্ভাবনা রয়েছে। নজর থাকবে পাঁচ ফুটবলারের দিকে। খতিয়ে দেখল আনন্দবাজার ডট কম।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ১৮:৫৩
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

২০০৬ সালের বিশ্বকাপ। ট্রফি জিততে না পারলেও বিশ্বফুটবলে নজর কেড়েছিলেন দুই প্রতিভা। লিয়োনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁদের পথ ধরে প্রতি বছর বিশ্বকাপে তারকা হয়ে ওঠে কিছু ফুটবলার। এ বারও সেই সম্ভাবনা রয়েছে। নজর থাকবে পাঁচ ফুটবলারের দিকে। এ বার মেসি ও রোনাল্ডোর শেষ বিশ্বকাপ। তাঁরা এই প্রতিযোগিতা স্মরণীয় করে রাখতে চাইবেন। কিন্তু তাঁদেরও ছাপিয়ে যেতে পারেন এই পাঁচ ফুটবলার। তাদের দিকে সকলের নজর থাকবে তা খতিয়ে দেখল আনন্দবাজার ডট কম।

Advertisement

লামিন ইয়ামাল (স্পেন)

গত কয়েক বছরে যদি কোনও তরুণ ফুটবলারকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, তিনি লামিন ইয়ামাল। মাত্র ১৮ বছর বয়স তাঁর। এর মধ্যেই দেশের হয়ে ইউরো কাপ জিতেছেন। শ্রম আইনের জেরে জরিমানা দিয়েও তাঁকে খেলিয়েছে স্পেন। এ বার তিনি প্রথম বার বিশ্বকাপে নামবেন। লা মাসিয়া অ্যাকাডেমির এই কিশোরকে মেসির উত্তরসূরি বলা হয়। মেসির মতোই বাঁ পা তাঁর প্রধান অস্ত্র। এ বারের বিশ্বকাপে তাঁর দিকে নজর থাকবে সকলের।

জামাল মুসিয়ালা (জার্মানি)

গত ইউরো কাপে নজর কেড়েছিলেন আর এক তরুণ। তিনি জামাল মুসিয়ালা। জার্মানির এই ফুটবলার ক্লাব ফুটবলে বায়ার্ন মিউনিখের হয়ে খেলেন। ড্রিবলিংয়ে দক্ষ ২৩ বছর বয়সি এই ফুটবলার গোল করতে সিদ্ধহস্ত। এ বারই প্রথম বিশ্বকাপে নামবেন তিনি। নজর থাকবে তাঁর দিকেও।

Advertisement

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

নিকোলাস পাজ় (আর্জেন্টিনা)

আর্জেন্টিনা দলে মেসির উত্তরসূরি বলা হচ্ছে তাঁকে। বয়স মাত্র ২১ বছর। এ বার ইটালির সিরি এ তে তিনি ১২ গোল করেছেন। করিয়েছেন সাকটি গোল। কোমোর হয়ে দুরন্ত ফর্মে খেলেছেন। তাঁর পায়েই আগামী বছরের চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে কোমো। এ বার মেসির নেতৃত্বে আর্জেন্টিনা মাঠে নামলেও পাজ়ের দিকে নজর থাকবে সকলের। নিজের প্রথম বিশ্বকাপে নজর কাড়তে চাইবেন তিনি।

নিকো ও’রেইলি (ইংল্যান্ড)

ম্যাঞ্চেস্টার সিটির অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন এই ২১ বছর বয়সি ফুটবলার। গত মরসুমে ক্লাবের সিনিয়র দলে অভিষেক হয়েছে। কোচ পেপ গুয়ার্দিওলার খুব পছন্দের ফুটবলার তিনি। লেফ্‌ট ব্য়াকের পাশাপাশি অ্য়াটাকিং মিডফিল্ডার হিসাবেও খেলতে পারেন তিনি। চলতি মরসুমে ক্লাব ফুটবলে ৫০-এর বেশি ম্যাচ খেলেছেন। ন’টি গোল করেছেন। করিয়েছেন ছ’টি গোল। সেই কারণেই ইংল্যান্ডের বিশ্বকাপের দলে নেওয়া হয়েছে তাঁকে। ও’রেইলির দিকেও নজর থাকবে সকলের।

কেনান ইয়েল্ডিজ় (তুরস্ক)

শেষ বার তুরস্ক যে বার বিশ্বকাপ খেলেছিল, তখন জন্মাননি ইয়েল্ডিজ়। এ বার তিনি প্রথম বার দেশের হয়ে বিশ্বকাপ খেলতে নামবেন। জুভেন্টাসের হয়ে খেলেন ২১ বছর বয়সি এই অ্যাটাকিং মিডফিল্ডার। ২০২৩-২৪ মরসুমে জুভেন্টাসের হয়ে কোপা ইটালিয়া জিতেছেন তিনি। পরের বছর সিরি এ-র দলে সুযোগ পেয়েছেন। গোল করেছেন। করিয়েছেনও। আর্দা গুলেরের সঙ্গে তাঁর জুটি ভয়ঙ্কর হতে পারে। তুরস্কের দলে নজর কাড়তে চাইছেন ইয়েল্ডিজ়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement