Hooghly TMC Leader

ডিম-বর্ষণের মাঝে প্রতারণায় জড়িত তৃণমূলের গুণধর লিখলেন মুচলেকা, পুলিশ ধরার আগে মুখে শান্তনুর নাম!

কম করে ১৫ জন চাকরিপ্রার্থী এবং তাঁদের পরিবারের লোকজন গুণধর খাঁড়ার ব্যবসায়িক ভবনের সামনে জড়ো হয়ে টাকা ফেরত চান। খবর পেয়ে সেখানে হাজির হন বিজেপির নেতা-কর্মীরা। শুরু হয় বিক্ষোভ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১৫:৫৯
Share:

বিক্ষোভের মাঝে কাঁচা ডিম ছোড়া হল তৃণমূল নেতা গুণধর খাঁড়ার উপর। —নিজস্ব চিত্র।

শিক্ষক-সহ রাজ্য সরকারের নানা পদে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণায় অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতির উপর ডিম-বর্ষণ হল হুগলিতে। অভিযুক্ত নেতাকে দিয়ে লেখানো হল মুচলেকা। ক্ষুব্ধ জনতার হাত থেকে তাঁকে রক্ষা করতে আটক করে নিয়ে গেল পুলিশ। থানায় যাওয়ার আগে শিক্ষক নিয়োগ মামলায় ধৃত হুগলির জেলার বহিষ্কৃত যুব তৃণমূল নেতা তথা জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে সমস্ত দায় চাপালেন তিনি।

Advertisement

শুক্রবার আরামবাগের সালেপুর-১ গ্রাম পঞ্চায়েতের পাঁচমাইল এলাকায় বিক্ষোভ শুরু করেন স্থানীয়দের একাংশ। সঙ্গ দেয় বিজেপি। বিক্ষোভকারীদের অভিযোগ, ২০১৬ এবং ’১৭ সালে বিভিন্ন পদে চাকরি দেওয়ার নাম করে আরামবাগ পঞ্চায়েত সমিতির তৎকালীন সভাপতি এবং সালেপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান গুণধর খাঁড়া কোটি কোটি টাকা তুলেছিলেন। ৫০ থেকে ৭০ জনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। কিন্তু কারও চাকরি হয়নি। টাকাও ফেরত পাননি কেউ।

কম করে ১৫ জন চাকরিপ্রার্থী এবং তাঁদের পরিবারের লোকজন গুণধর খাঁড়ার ব্যবসায়িক ভবনের সামনে জড়ো হয়ে টাকা ফেরত চান। খবর পেয়ে সেখানে হাজির হন বিজেপির নেতা-কর্মীরা। শুরু হয় বিক্ষোভ। কেউ জানান, ছেলের চাকরির জন্য ১০ লক্ষ টাকা দিয়েছেন। কেউ আবার দাবি করেন, নিজের চাকরির আশায় পৈতৃক জমি বিক্রি করেছিলেন। বিক্ষোভকারীদের অভিযোগ, টাকা নেওয়ার পরও চাকরি মেলেনি এবং টাকা ফেরতও পাননি তাঁরা। বিক্ষোভের মাঝে গুণধর স্বীকার করেছেন টাকা নেওয়ার অভিযোগ। তাঁকে দিয়ে মুচলেকা লেখানো হয়। তার মধ্যেই তৃণমূল নেতার উপর ডিম ছোড়া শুরু হয়। এবং ওঠে ‘চোর-চোর’ স্লোগান।

Advertisement

বিক্ষোভের মাঝে গুণধরকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। সেই সময় তিনি বলেন, ‘‘এই বিষয়ে তো কেস (মামলা) চলছে। টাকা আমি নিয়েছিলাম। সব টাকা তৎকালীন সময়ে হুগলি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিলাম। আমি ধীরে ধীরে সকলের টাকা ফেরত দিয়ে দেব।’’

উল্লেখ্য, ২০২৩ সালের মার্চ মাসে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন শান্তনু। সেই সময়ে তৃণমূল তাঁকে বহিষ্কার করে। এখন জামিনে রয়েছেন শান্তনু। শুক্রবার বিক্ষোভ প্রসঙ্গে আরামবাগের বিজেপি বিধায়ক হেমন্ত বাগ বলেন, ‘‘গুণধর খাঁড়া পঞ্চায়েত সমিতির সভাপতি থাকাকালীন চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। সকলের টাকা ফেরত দিতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement