Train Derailed near Shalimar Station

শালিমার স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল ট্রেন! তিন নম্বর প্ল্যাটফর্ম আপাতত বন্ধ

ইতিমধ্যে লাইনচ্যুত কামরাটি উদ্ধারের কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন রেলের ইঞ্জিনিয়ারেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৬
Share:

শালিমার স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মের কিছুটা অংশ ভেঙে গিয়েছে। — নিজস্ব চিত্র।

শালিমার স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হল একটি লোকাল ট্রেন। সাঁতরাগাছি থেকে শালিমার যাওয়ার সময় ৩ নম্বর প্ল্যাটফর্মে লাইনচ্যুত হয় ওই ট্রেনের একটি কামরা। এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে ৩ নম্বর প্ল্যাটফর্ম আপাতত বন্ধ। ওই লাইন দিয়ে ট্রেন চলাচল করছে না।

Advertisement

দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানিয়েছেন, ট্রেনটিতে কোনও যাত্রী ছিলেন না। ফলে কেউ হতাহত হননি। ৩ নম্বর প্ল্যাটফর্মে লাইনচ্যুত কামরাটি ঘষতে ঘষতে যায়। তার ফলে প্ল্যাটফর্মের কিছুটা অংশ ভেঙে যায়। সেখানে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। ইতিমধ্যে লাইনচ্যুত কামরাটি উদ্ধারের কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন রেলের ইঞ্জিনিয়ারেরা। কী ভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

দিন কয়েক আগেই ওড়িশার জাজপুর জেলার জাখাপুরা স্টেশনের কাছে লাইনচ্যুত হয় চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেসের দু’টি অসংরক্ষিত ও একটি এসি কামরা। তিনটি কামরায় প্রায় চারশো যাত্রী ছিলেন। এর মধ্যে দু’টি অসংরক্ষিত কামরায় বাংলার পরিযায়ী শ্রমিকদের সংখ্যাই ছিল বেশি। চেন্নাই থেকে বাড়ি ফিরছিলেন তাঁরা। দুর্ঘটনায় কমবেশি আহত হন বেশির ভাগ যাত্রীই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement