I-PAC Case

মমতার বক্তব্যের পাল্টা জবাব দিতে চায় কেন্দ্র! আইপ্যাক মামলার শুনানি আবার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে

সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি সঞ্জীব মেহতার বেঞ্চে মামলার শুনানির কথা ছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৫
Share:

সুপ্রিম কোর্টে আবার পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি সঞ্জীব মেহতার বেঞ্চে মামলার শুনানির কথা ছিল। কিন্তু তা হয়নি। এই নিয়ে পর পর তিন বার শুনানি পিছোল। পরবর্তী শুনানি কবে হবে, তা-ও জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।

Advertisement

গত ৩ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু আদালতে ইডি আবেদন করে, রাজ্যের দেওয়া হলফনামা খতিয়ে দেখার সময় দেওয়া হোক। ইডি-ও পাল্টা হলফনামা দিতে চায়। সেই আবেদন মেনে এক সপ্তাহ পিছিয়ে শুনানির দিন ধার্য করেছিল সুপ্রিম কোর্ট। পরের শুনানি হওয়ার কথা ছিল ১০ ফেব্রুয়ারি। কিন্তু সে দিনও শুনানি হয়নি। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল অসুস্থ থাকার কারণে মামলার শুনানি স্থগিত হয়। সুপ্রিম কোর্টের কথা মতো বুধবার আবার আইপ্যাক মামলার শুনানি হওয়ার কথা ছিল। শুনানিতে ইডির উদ্দেশে তৃণমূলের পক্ষ থেকে আইনজীবী সিদ্ধার্থ লুথরা সওয়াল, তাদের ব্যাখ্যা করতে হবে কী ভাবে একটি সংস্থাকে এ ভাবে অস্ত্রের মতো ব্যবহার করা যেতে পারে। ইডির আইনজীবী এসভি রাজুর পাল্টা বক্তব্য, এটিকে (ইডি) অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়নি, বরং ভয়ভীতির মধ্যে ফেলা হয়েছে। কেন্দ্রের সলিসিটর জেনারেল আদালতে জানান, রাজ্যের বক্তব্যের পাল্টা জবাব দিতে চায় তাঁরা। জবাব তৈরি। কিন্তু তা এখনও আদালতে জমা করা হয়নি। জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। তার পরেই শুনানির দিন প্রায় এক মাস পিছিয়ে দেয় বিচারপতি মিশ্রের বেঞ্চ। এই মামলার পরবর্তী শুনানি ১৮ মার্চ।

গত ৮ জানুয়ারি কয়লাপাচার সংক্রান্ত একটি মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং দফতরে হানা দিয়েছিল ইডি। ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান চলাকালীন সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তে বাধা এবং নথি কেড়ে নেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে ইডি। ইডির বিরুদ্ধে আদালতে যায় রাজ্যও। গত ১৫ জানুয়ারির শুনানিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ইডির বিরুদ্ধে মামলাকারী পক্ষকে হলফনামা দিতে হবে। গত ২ ফেব্রুয়ারি সেই হলফনামা জমা দেয় রাজ্য। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে রাজ্যের তরফে ইডির মামলা খারিজের আবেদন করা হয়। রাজ্যের বক্তব্য, সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের করার কোনও মৌলিক অধিকার নেই ইডির। যে ভাবে তল্লাশি হয়েছে, সে ভাবে তল্লাশি চালানো যায় না। কেন আইপ্যাককে কোনও আগাম নোটিস দেওয়া হয়নি, সে প্রশ্নও তোলা হয়েছে রাজ্যের তরফে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement