Manoj Agrawal in the Assembly

রাজ্যসভার মনোনয়নের যাচাইপর্ব দেখতে বিধানসভায় নির্বাচন কমিশনার, রাজ্যে ভোটের নির্ঘণ্ট নিয়ে কী বললেন?

রাজ্যসভার নির্বাচনে পাঁচ প্রার্থীর দাখিল করা মনোনয়নপত্রের স্ক্রুটিনি পর্ব খতিয়ে দেখতে বিধানসভায় এসেছিলেন ভোটের পর্যবেক্ষক মনোজ আগরওয়াল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১৬:১২
Share:

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। —ফাইল চিত্র।

রাজ্যসভা ভোটের প্রক্রিয়া খতিয়ে দেখতে বৃহস্পতিবার বিধানসভা এলেন নির্বাচন কমিশনার মনোজ আগরওয়াল। বৃহস্পতিবার রাজ্যসভার নির্বাচনে পাঁচ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করার পর স্ক্রুটিনি পর্ব খতিয়ে দেখতে বিধানসভায় এসেছিলেন ভোটের পর্যবেক্ষক মনোজ। রাজ্যসভা নির্বাচনের কারণে বিধানসভায় এলেও, সংবাদমাধ্যমের মুখোমুখি হলে তাঁকে প্রশ্ন করা হয় আগামী বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা প্রসঙ্গে। জবাবে মনোজ বলেন,‘‘নির্দিষ্ট সময়েই ভোট হবে, সে জন্য ভারতের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে। আগামী ৯ ও ১০ তারিখে তারা এখানে থাকবে। চারটি রাজ্য ঘুরে তারা এখানে আসছে।’’

Advertisement

নির্বাচন কমিশনার এ রাজ্যের বিধানসভা ভোটের দিন ঘোষণা প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও, মনে করা হচ্ছে, তিনি বোঝাতে চেয়েছেন, ভারতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ পশ্চিমবঙ্গের পরিস্থিতি পর্যবেক্ষণ করে গেলেই বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে। সে ক্ষেত্রে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের পশ্চিমবঙ্গ সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এত বেশি সংখ্যক ভোটারের নাম বিবেচনাধীন হয়ে যাওয়ায় প্রশ্নের মুখে পড়েছে কমিশন। সেই প্রসঙ্গে মনোজ বলেন,‘‘আমি ডিইওদের থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছি। আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি না যে এটা হবে, ওটা হবে না। তথ্য নথি ও প্রমাণের উপরে দাঁড়িয়ে সব কাজ হয়। আমাদের কাছে সব কিছু এলে আইনগত ভাবে আমরা সিদ্ধান্ত নেব।’’

অন্য দিকে, তৃণমূলের পাঁচ ও বিজেপির এক জন প্রার্থীর মনোনয়নপত্রের স্ক্রুটিনি সম্পন্ন হল। তৃণমূলের অভিনেত্রী প্রার্থী কোয়েল মল্লিক ও বিজেপি প্রার্থী রাহুল সিংহের মনোনয়নে কিছু বিভ্রান্তি ছিল বলে বিধানসভার সচিবালয় সূত্রে খবর। বিশেষ করে তাঁদের জমা দেওয়া হলফনামায় বেশ কিছু ত্রুটি ধরা পড়েছিল। তবে দিনের শেষে রাজীব কুমার ,বাবুল সুপ্রিয় এবং মেনকা গুরুস্বামীর সঙ্গে কোয়েল এবং রাহুলেরও মনোনয়ন গ্রহণ করেছেন নির্বাচনী রিটার্নিং অফিসার। অতিরিক্ত কোনও মনোনয়ন জমা না পড়ায়, পশ্চিমবঙ্গে যে রাজ্যসভার নির্বাচন হবে না, তা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে। আগামী সোমবার মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা অতিক্রান্ত হয়ে গেলেই বিকেলে পাঁচ জন প্রার্থীকে জয়ের শংসাপত্র দিয়ে দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement