Jayanta Singh

রাজ্য পুলিশের গাফিলতিতে জামিন বহাল কুখ্যাত জয়ন্তের

গত জুলাইয়ে আড়িয়াদহে জয়ন্ত ও তার দলবলের বিরুদ্ধে এক স্থানীয় মহিলা ও তাঁর ছেলেকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ০৯:০৫
Share:

জয়ন্ত সিংহ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রাজ্য পুলিশের গাফিলতির জন্য সুপ্রিম কোর্ট কামারহাটি, বেলঘরিয়া এলাকার কুখ্যাত অপরাধী বলে পরিচিত জয়ন্ত সিংহের জামিন বহাল রইল। কিন্তু শীর্ষ আদালত তার পর্যবেক্ষণে বলল, জয়ন্তের বিরুদ্ধে যে ধরনের অপরাধের খতিয়ান রয়েছে, তাতে তার বাকি জীবন গরাদের পিছনে কাটানো উচিত।

গত জুলাইয়ে আড়িয়াদহে জয়ন্ত ও তার দলবলের বিরুদ্ধে এক স্থানীয় মহিলা ও তাঁর ছেলেকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছিল। জয়ন্তকে গ্রেফতার করা হলেও অক্টোবরে কলকাতা হাই কোর্ট তাকে জামিন দেয়। অন্য মামলায় জয়ন্ত জেলে থাকলেও এর বিরোধিতা করে নিগৃহীত অরিত্র ঘোষ সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। রাজ্য পুলিশও পরে সুপ্রিম কোর্টে এসেছিল। কেন রাজ্য পুলিশ জামিনের বিরোধিতা করেনি, তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। রাজ্য পুলিশ জয়ন্তের বিরুদ্ধে সংগঠিত অপরাধের অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার একই ধারায় দু’টি আলাদা এফআইআর করেছিল। একটি বেলঘরিয়া থানায়, অন্যটি দক্ষিণেশ্বর থানায়।

আজ সুপ্রিম কোর্টের বিচারপতি অহসানুদ্দিন আমানুল্লা ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ বলেছে, একই ধারায় দু’টি মামলা দায়ের হতে পারে না। একটি মামলায় জয়ন্তের বিরুদ্ধে ১৩টি পুরনো অপরাধের খতিয়ান দেওয়া হয়েছে। অন্য মামলায় জয়ন্তের বিরুদ্ধে সেই ১৩টি মামলা-সহ মোট ১৬টি পুরনো অপরাধের মামলার উল্লেখ করা হয়েছে।

বিচারপতি আমানুল্লা বলেন, ‘‘পুরনো অপরাধের খতিয়ান দেখে আমি চাই, অভিযুক্ত জীবনের বাকি সময় গরাদের পিছনে কাটাক। কিন্তু একই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১১১ ধারায় দু’টি আলাদা মামলা দায়ের হয়েছে। তা হতে পারে না। এখানে সংবিধান প্রদত্ত ব্যক্তি স্বাধীনতার মৌলিক অধিকারের প্রশ্ন জড়িত।’’ সুপ্রিম কোর্ট জয়ন্তের জামিন বহাল রেখেছে। জয়ন্ত তাঁর বিরুদ্ধে মামলা খারিজের জন্য কলকাতা হাই কোর্টে যে আর্জি জানিয়েছেন, হাই কোর্টকে তার দ্রুত নিষ্পত্তির অনুরোধ করে সুপ্রিম কোর্ট বলেছে, সেখানে মামলাকারীরা শীর্ষ আদালতের মামলার উল্লেখ করবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন