প্রতীকী ছবি।
দোল খেলে পাড়ারই কয়েক জন বন্ধুদের সঙ্গে পুকুরে স্নান করতে গিয়েছিল কিশোরটি। কিন্তু সাঁতার না জানায় সেখানেই ডুবে মৃত্যু হল বছর চোদ্দোর ছেলেটির। শুক্রবার, বাঁশদ্রোণী থানার ব্রহ্মপুর এলাকার ঘটনা। স্থানীয়েরা জানান, মৃত কিশোরের নাম সাগ্নিক কর্মকার (১৪)। তার বন্ধুরাই দুর্ঘটনার খবর দিয়েছিল। তারা চেষ্টা করেও সাগ্নিককে প্রথমে উদ্ধার করতে পারেনি।
সাগ্নিকের পরিবার সূত্রে জানা গিয়েছে, নবম শ্রেণির ছাত্র ওই কিশোর এ দিন বন্ধুদের সঙ্গে রং খেলতে গিয়েছিল। তখনই ঘটে ওই দুর্ঘটনা। বন্ধুদের থেকে দুর্ঘটনার খবর পেয়ে এলাকার কয়েক জন পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ পরে জলের নীচে একটি জায়গায় আটকে থাকা অবস্থায় উদ্ধার করা হয় সাগ্নিককে। বাঘা যতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
কলকাতা পুলিশ সূত্রের খবর, এ দিন শহরে জলে ডুবে মৃত্যুর আরও কয়েকটি ঘটনা ঘটেছে। দুপুরে চেতলার রাখালদাস আঢ্য রোডের একটি পুকুর থেকে সমীর সিংহ (১৭) নামে এক কিশোরের দেহ উদ্ধার করা হয়। ডুবে যাওয়ার পরে তাকে স্থানীয়েরাই উদ্ধার করেন। এ দিন বেলা সাড়ে ১২টা নাগাদ উত্তর কলকাতার বড়তলা এলাকায় গঙ্গার ঘাটে স্নান করতে নেমে অভ্রনীল পাত্র (১৮) নামে এক তরুণ ডুবে যান। পরে স্থানীয়েরা তাঁর দেহ উদ্ধার করেন।
অন্য দিকে, এ দিন নারকেলডাঙা থানা এলাকার পুলিশ আবাসন চত্বর থেকে মহম্মদ নিশাদ (২০) নামে এক যুবকের পচাগলা দেহ উদ্ধার হয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন এবং তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে পুলিশ জানায়।